Logo
Logo
×
   

রাজনীতি

যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডে জাতীয় যুবশক্তির নিন্দা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৪৭ এএম

যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডে জাতীয় যুবশক্তির নিন্দা

ফাইল ছবি

রাজধানীর পল্লবী এলাকায় মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে যুবদল নেতা ও পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জাতীয় যুবশক্তি গভীর শোক, ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করছে।

জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম এবং সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম যৌথভাবে বিবৃতি দিয়েছেন।

যৌথ বিবৃতিতে তারা বলেন, প্রকাশ্য দিবালোকে মুখোশধারী দুর্বৃত্তদের হাতে এক রাজনৈতিক নেতাকে কাছ থেকে গুলি করে হত্যা করা শুধু ব্যক্তিগত টার্গেট নয়; এটি রাষ্ট্রের নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার ওপর সরাসরি আঘাত। এই ঘটনা নিঃসন্দেহে পরিকল্পিত টার্গেট কিলিং এবং তা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির গভীর সংকটকে স্পষ্ট করে।

নেতৃদ্বয় আরও বলেন, ভিডিও ফুটেজে হামলাকারীদের ঠাণ্ডা মাথার পরিকল্পিত আচরণ প্রমাণ করে, এটি একটি পূর্বপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং ঘটনার রহস্য উদঘাটন ছাড়া রাষ্ট্র তার দায়িত্ব পালনে ব্যর্থ হিসেবে বিবেচিত হবে। রাজনৈতিক হত্যাকাণ্ডের কোনো স্থান বাংলাদেশে নেই—আইনের কঠোর প্রয়োগের মাধ্যমেই রাষ্ট্রকে তা প্রমাণ করতে হবে।

নেতৃবৃন্দ ঘটনাটির দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, ভিডিওতে থাকা হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার, নিহত গোলাম কিবরিয়ার পরিবারের নিরাপত্তা ও সহায়তা নিশ্চিতকরণ, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার এবং রাজনৈতিক সহিংসতা রোধে কার্যকর নীতি গ্রহণের দাবি জানান। 

তারা বলেন, সন্ত্রাসী হামলা ও ভয়ের রাজনীতি গণতন্ত্রকে দুর্বল করে; ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত জাতীয় যুবশক্তি সোচ্চার থাকবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .