মনোনয়ন বাতিল চেয়ে হাসনাত-মঞ্জু মুন্সীর পালটাপালটি আপিল
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০১:২২ এএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। অন্যদিকে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছেন হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে স্থাপিত স্থায়ী আপিল বুথে তারা আবেদন জমা দিয়েছেন বলে জানা গেছে।
মঞ্জুরুল আহসান মুন্সীর আবেদনে হাসনাত আবদুল্লাহর হলফনামায় পরস্পরবিরোধী তথ্য, সম্পদ বিবরণে বড় গরমিল, স্ত্রীর আয়কর রিটার্ন না দেওয়া এবং নির্বাচনি ব্যয়ের উৎস অস্পষ্ট দেখানো হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে। আপিলে সবচেয়ে আলোচিত অভিযোগগুলোর একটি হলো সম্পদ বিবরণে বড় ধরনের অসংগতি। এক অংশে ২০ ভরি স্বর্ণের মূল্য শূন্য টাকা দেখানো হলেও অন্য অংশে একই স্বর্ণালংকারের মূল্য ২৬ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। প্রার্থীর নিজের আয়কর তথ্য দেওয়া হলেও তার স্ত্রীর আয়কর রিটার্ন দাখিল করা হয়নি; যা নির্বাচন আইন অনুযায়ী বাধ্যতামূলক।
একই সঙ্গে সম্ভাব্য প্রায় ৩০ লাখ টাকা নির্বাচনি ব্যয়ের উৎস হিসাবে ‘সাধারণ জনগণের অনুদান’ উল্লেখ করা হলেও এর কোনো নির্দিষ্ট ও যাচাইযোগ্য ব্যাখ্যা নেই। নির্বাচনি ব্যয়ের উৎস ও আয়করসংক্রান্ত ত্র“টি একসঙ্গে থাকলে তা মনোনয়নের ক্ষেত্রে বড় ঝুঁকি তৈরি করে।
অপরদিকে ঋণখেলাপি হয়েও হলফনামায় তথ্য গোপনের অভিযোগে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন জামায়াত-এনসিপি জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
এর আগে বৃহস্পতিবার ঋণখেলাপির তালিকা থেকে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছেন বিএনপি প্রার্থী।
এর আগে ঋণখেলাপির তালিকায় কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি একেএম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ।
হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করার বিষয়টি নিশ্চিত করে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, ‘সুনির্দিষ্ট ৪টি বিষয়ের ওপর আবেদন করা হয়েছে।’
এ বিষয়ে জানতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর ফোন নম্বরে কল দেওয়া হয়। তবে তিনি রিসিভ করেননি।
