ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র গঠনের ওপর গুরুত্বারোপ জোবাইদা রহমানের
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১০ পিএম
ডা. জোবাইদা রহমান। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
একটি সাম্য ও ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপি চেয়ারম্যার তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। তিনি এমন একটি ব্যবস্থার কথা বলছেন, যেখানে সাধারণ জনগণের অধিকার নেতাদের চেয়ে বেশি প্রাধান্য পাবে এবং শোষণের কোনো স্থান থাকবে না।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর হাতিরঝিলে অ্যাম্ফিথিয়েটারে বিএনপির নির্বাচন পরিচালনা পেশাজীবী কমিটির আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানিয়ে জোবাইদা রহমান বলেন, আমাদের রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। আজ আমাদের সামনে গৌরবের নতুন সূর্যোদয়। আমরা বিশ্বাস করি, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা; সবার আগে বাংলাদেশ। ভেদাভেদের আগে সমতা।
মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা উল্লেখ করে তিনি বলেন, কড়াইল, সাততলা এলাকা থেকে আসা তিনজন নারী, দুইজন পোশাক শ্রমিক এবং একজন পরিবহন শ্রমিকের কাছ থেকে তাদের হৃদয়বিদারক সমস্যার কথা শুনেছি। এসব সমস্যা সাধারণ মানুষের বাস্তব জীবনের প্রতিচ্ছবি।
তিনি আরও বলেন, আমি, আপনি আমাদের সকলের সমস্যা অনেক। কিন্তু সুষ্ঠু পরিকল্পনা মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান সম্ভব। আমরা বলি, ‘আমার আগে আমরা, ‘আমাদের আগে দেশ, ‘ক্ষমতার আগে জনতা’ ‘সবার আগে বাংলাদেশ’, ‘ভেদাভেদের আগে সমতা’, ‘সবার জন্য সমান সুযোগ’, ‘শ্রমের মর্যদা’, আমরা সকলকে দিতে চাই শ্রমের মর্যাদা।
জোবাইদা রহমান আরও বলেন, মেধার মূল্যায়ন, মেধাভিত্তিক চাকরি। আর অধিকার, সুবিচার, শোষণের আগে অধিকার। আমরা এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র উপহার দিতে চাই জনগণকে। যেখানে ‘নেতার আগে জনতা, ‘করব কাজ গড়বো দেশ, ‘সবার আগে বাংলাদেশ,। সেজন্য আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে।
বিভিন্ন পেশাজীবীদের উদ্দেশে তিনি বলেন, আমরা আমাদের সাধ্যমতো আপনাদের সমস্যাগুলো আরও শুনবো। আরও জানবো। আমরা একে অপরকে আরও জানতে চেষ্টা করবো। সমস্যাগুলো কিভাবে, সুষ্ঠুভাবে সমাধান করে একটি সুন্দর সমতাভিত্তিক, জ্ঞানভিত্তিক, শ্রমের মর্যাদাভিত্তিক রাষ্ট্র উপহার দেয়া যায়।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নরুল ইসলাম খান, চেয়ারম্যানের উপদেষ্ট আবদুস সালাম, ইসমাইল জবিউল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।
