Logo
Logo
×

রাজনীতি

ডা. শফিকুর রহমান

হেরে যাওয়ার পূর্বাভাস শুরু হয়ে গেছে অলরেডি

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৪ পিএম

হেরে যাওয়ার পূর্বাভাস শুরু হয়ে গেছে অলরেডি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, হেরে যাওয়ার পূর্বাভাস শুরু হয়ে গেছে অলরেডি। পাঁচটা বিশ্ববিদ্যালয়ের তরুণরা জানিয়ে দিয়েছে লালকার্ড। আগামী ১২ তারিখে হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লালকার্ড। ফ্যাসিবাদ নতুন না পুরাতন, এটা বিবেচ্য ব্যাপার না। ফ্যাসিবাদ তোমাকে লালকার্ড। তুমি যে অ্যাপ্রোনই গায়ে দিয়ে আসো, তোমাকে লালকার্ড।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে রাজশাহীতে ১১ দলীয় ঐক্য জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির এসব কথা বলেন। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এই জনসভা অনুষ্ঠিত হয়।

ডা. শফিকুর রহমান বলেন, যাদের অতীতেও খাসলত খারাপ ছিল, এখনো যারা লোভ সামলাতে পারেনি, সেই বিড়ালের হাতে গোস্ত পাহারা দেওয়ার দায়িত্ব দিবেন? এরা রাষ্ট্রের জনগণের জান, মাল এবং ইজ্জতের নিরাপত্তা দিবে? এখনই দিচ্ছে না, তখন দিবে? আফসোস! আফসোস, তারাও মজলুম ছিলেন। কেন যে এখন বদলে গেলেন বুঝতে পারলাম না। বিভিন্ন জায়গার দখলদারিত্ব নিতে গিয়ে নিজেদের ভেতর ২৩৪ জন শেষ। তারপরে এখন আমাদের খুন করা শুরু হয়েছে। এরপর আমাদের এখন গালি দেওয়া শুরু হয়েছে।

তিনি বলেন, যারা চাঁদাবাজি করে না, যারা কাউকে কষ্ট দেয় না, যারা দুর্নীতি করে না, যারা মামলাবাণিজ্য করে না, যারা বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষকে হয়রান করে না; তাদের এখন বলা হচ্ছে জালেম। হায়রে আল্লাহ, এ কি দুনিয়ায় পড়লাম এসে! এদেরকে বলব, চোখে মেলে দেখেন জনগণ আপনাদেরকে কীভাবে দেখে।

ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে জামায়াত আমির বলেন, ১৩ তারিখ থেকে আমরা বাংলাদেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই। সেই বিজয় যদি অর্জিত হয়, ইনশাআল্লাহ, এটা সবার বিজয় হবে। সেদিন আল্লাহর মেহেরবানিতে আমরা সেজদায় পড়ে যাব। আমরা ওই দিনটার অপেক্ষা করছি। আপনারা এখন থেকে দোয়া করতে থাকবেন। কোনো কালো চিল আসমান থেকে এসে যেন আমাদের স্বপ্নকে এলোমেলো করে দিতে না পারে।

তিনি বলেন, এখন থেকে পাহারা বসাবেন। কোনো ভোট ডাকাত, ভোট চোর, ভোট ইঞ্জিনিয়ার, কাউকে এবার কোনো ছাড় নেই। সিনা মজবুত করে হাত শক্ত করে আমাদের দাঁড়িয়ে যেতে হবে এবং আমরা ইনশাআল্লাহ পারব, আমাদের পারতে হবে। তা না হলে বাংলাদেশ হেরে যাবে। সেই সুষ্ঠু ভোট নিশ্চিত করার জন্য আপনারা এখন থেকে পাহারা বসাবেন।

গণভোটে হ্যাঁ-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, হ্যাঁ মানেই হচ্ছে নতুন বাংলাদেশ, পুরোনো রাজনীতিকে লালকার্ড। যে রাজনীতি মানুষ খুন করে, দেশে আয়নাঘর তৈরি করে, দেশপ্রেমিক নেতাদের খুন করে, যে রাজনীতি আমার দেশের সমস্ত সম্পদকে লুণ্ঠন করে, যে রাজনীতি রাজনীতিবিদদের জন্য ব্যবসায় রূপান্তর করে, ১২ তারিখ সেই রাজনীতিকে ইনশাআল্লাহ লালকার্ড। এজন্য আমরা সবাই গণভোটে হ্যাঁ বলব। হ্যাঁ মানে আজাদী। না মানে গোলামী।

এ জনসভা থেকে ডা. শফিকুর রহমান রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। রাজশাহী জেলা ও মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত এই জনসভায় ১১ দলীয় জোটের কয়েকজন কেন্দ্রীয় নেতাও বক্তব্য রাখেন।

এর আগে দুপুরে রাজশাহীর গোদাগাড়ীর মহিষালবাড়ি মহিলা ডিগ্রি কলেজ মাঠে আরেকটি জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সেখানেও তিনি দাঁড়িপাল্লায় ভোট চান।

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম