১৫ বছর পর শান্তিপূর্ণ ভোটের সুযোগ এসেছে: মুশফিকুর
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৭ পিএম
বক্তব্য দিচ্ছেন সাবেক সংসদ সদস্য ও সাবেক সচিব মুশফিকুর রহমান। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও সাবেক সচিব মুশফিকুর রহমান বলেছেন, গত ১৫ বছর ধরে দেশের জনগণের মুখে কোনো হাসি ছিল না। এ সময়ে মানুষ কথা বলতে পারেনি, ভোটাধিকার ছিল না। মামলা, দুর্নীতি আর ভয়ভীতি ছিল নিত্যদিনের সঙ্গী। দীর্ঘ ১৭ বছর বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের আন্দোলনের ফলে আজ দেশে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজারে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মুশফিকুর বলেন, এবারের নির্বাচনে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে। কারো বাড়িতে পুলিশ যাচ্ছে না, দিনের ভোট রাতে হচ্ছে না। এ সুযোগ জনগণ কাজে লাগাতে চায়। তবে কিছু মহল এই সুষ্ঠু ভোটকে বানচাল করার ষড়যন্ত্র করছে।
তিনি আরও বলেন, এ নির্বাচনের মাধ্যমে আমরা ভোটাধিকার ফিরে পেয়েছি। আমরা চাই জনগণের উন্নয়ন, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজব্যবস্থা। চোরাচালান ও মামলা বাণিজ্য চাই না। কৃষি ও স্বাস্থ্যসেবার উন্নয়ন নিশ্চিত করতে চাই।
কসবা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রউফ রতনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন—ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের সাবেক সভাপতি নাছির উদ্দিন হাজার, জেলা বিএনপির সহসভাপতি ও কসবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক মেয়র মুহাম্মদ ইলিয়াছ, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. ইকলিল আজম, কসবা পৌর বিএনপির সভাপতি মো. শরীফুল ইসলাম ভূইয়া, সাবেক সভাপতি মো. আলী আশরাফ এবং জামিয়াতে ওলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক গাজী ইয়াকুব ওসমানী প্রমুখ।
