৫২ বছরে মানুষের মৌলিক চাওয়া-পাওয়া বাস্তবায়িত হয়নি: রেজাউল করিম
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেছেন, গত ৫২-৫৪ বছর ধরে যে নীতি ও আদর্শের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে, তাতে বাংলাদেশের মানুষের মৌলিক কোনো চাওয়া-পাওয়া বাস্তবায়িত হয়নি। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য লাখ লাখ মানুষ জীবন দিয়েছে। অথচ এর বিনিময়ে আমরা বিশ্বে পাচার ও দুর্নীতিতে শীর্ষে উঠে এসেছি-এটি জাতির জন্য চরম লজ্জার।
রোববার (৮ ফ্রেব্রুয়ারি) বিকালে চরফ্যাশন পৌর শহরের টিবি হাইস্কুল মাঠে ভোল-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পীরসাহেব চরমোনাই বলেন, ৫ আগস্টের পর এ দেশে ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছিল। সেই সুযোগ কাজে লাগানোর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ চেষ্টা করেছে এবং তখন পরিবেশও অনুকূলে ছিল; কিন্তু দুঃখজনকভাবে ক্ষমতালোভীরা সেখানে নানা ষড়যন্ত্র শুরু করে।
তিনি অভিযোগ করে বলেন, জামায়াতের নেতৃত্বাধীন জোট প্রকাশ্যেই ঘোষণা দিয়েছে- তারা ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না, বরং প্রচলিত ধারাতেই রাষ্ট্র পরিচালনা করবে। যদি আবারও সেই পুরোনো ব্যবস্থাই চলতে থাকে, তাহলে জুলাইতে এই জীবনগুলো দেওয়ার অর্থ কী?-প্রশ্ন রাখেন তিনি।
তিনি আরও বলেন, ইসলামের পক্ষে একটাই বাক্স থাকবে, আর সেই বাক্স হলো হাতপাখা মার্কা। ইসলাম প্রতিষ্ঠায় একমাত্র প্রতীক হাতপাখা। হাতপাখা ক্ষমতায় যেতে পারলে ইসলামি আইন প্রতিষ্ঠা করবে। দেশের পরিবর্তনের জন্য ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, সৎ ও আদর্শের পক্ষে এবং মানবতার কল্যাণে ভোট দেওয়াই হবে প্রকৃত বিজয়। যারা ইসলাম ও শরিয়াহ আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে না, তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের ভোট দেওয়া ঠিক হবে না। এ লক্ষ্যে নতুন বাংলাদেশ গড়তে নতুন ভোটারদের হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভোল-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী প্রফেসর এএমএম কামাল উদ্দিন। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
