Logo
Logo
×

রাজনীতি

বরিশাল-৫ আসনে এগিয়ে সরোয়ার, পিছিয়ে ফয়জুল করীম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ পিএম

বরিশাল-৫ আসনে এগিয়ে সরোয়ার, পিছিয়ে ফয়জুল করীম

ছবি: সংগৃহীত

বরিশাল-৫ (সিটি-সদর) আসনে এগিয়ে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার।  ২৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে (বেসরকারি) ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১৭ হাজার ৯৯২ ভোট।  তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ফয়জুল করীম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৯২৫ ভোট। 

আসনটিতে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর মনীষা চক্রবর্তী। তিনি মই প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৬২২ ভোট।  এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৫৬৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৩৫ হাজার ৬৪৯, নারী ভোটার দুই লাখ ৩২ হাজার ৯১৭ এবং তৃতীয় লিঙ্গের ভোটার তিনজন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এই ফলাফল পাওয়া যায়। এর আগে এদিন সকাল সাড়ে ৭টা থেকে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে।

এবারের নির্বাচনে সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নতুন বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে ভোটাররা উৎসাহ-উদ্দীপনা নিয়ে ব্যালট পেপারের মাধ্যমে তাদের রায় প্রদান করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই রেকর্ডসংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল এই নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে মোট প্রার্থী ২ হাজার ২৯ জন; যার মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম