২৪ ঘণ্টার মধ্যে ব্যানার-ফেস্টুন অপসারণের আহ্বান বিএনপির কায়সার কামালের
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৫ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-এর মহাসচিব।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আলহামদুলিল্লাহ, নেত্রকোনা-১ আসনের সর্বস্তরের জনগণের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা, সমর্থন ও দোয়ায় আমরা এ বিজয় অর্জন করেছি।
তিনি আসনের অন্তর্ভুক্ত কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলা বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচনী কাজে টানানো সব ব্যানার, ফেস্টুন ও পোস্টার নিজ নিজ দায়িত্বে অপসারণ করতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচনের পর এলাকার সৌন্দর্য ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। শান্তিপূর্ণ ও পরিচ্ছন্ন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, এ আসনে ধানের শীষ প্রতীকে ব্যারিস্টার কায়সার কামাল পেয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৯২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম রব্বানী রিকশা প্রতীকে পেয়েছেন ৮৬ হাজার ৬৭২ ভোট।

