কার্যালয় দখলে হামলা, স্বেচ্ছাসেবক দল নেতা আহত
টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩০ পিএম
আহত মোজাম্মেল লষ্কর। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের টঙ্গীতে ওয়ার্ড বিএনপির কার্যালয় দখল করাকে কেন্দ্র করে এক বিএনপি নেতাকে মারধরের ঘটনা ঘটেছে। এ সময় টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোজাম্মেল লষ্কর (৪৯) গুরুতর আহত হন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ এলাকার ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। মোজাম্মেল টঙ্গীর সিরাজ লষ্করের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে স্থানীয় বিএনপি নেতা বেলাল ও তার সহযোগীরা সাতাইশ এলাকার ওয়ার্ড বিএনপির কার্যালয়টি দখল করতে যান। এ সময় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে মোজাম্মেল লষ্করসহ অন্য নেতাকর্মীরা অবস্থান করছিলেন। পরে বেলাল ও তার সহযোগীরা কার্যালয়ের ভেতরে থাকা নেতাকর্মীদের ওপর হামলা চালান। এ সময় তাদের কাছে থাকা চাপাতি দিয়ে কুপিয়ে মোজাম্মেলকে জখম করা হয়।
পরে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
আহত মোজাম্মেল বলেন,ওয়ার্ড বিএনপির কার্যালয়টি দখল করতে চান বেলাল। সে কারণে আমাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। চাপাতি দিয়ে আমার মাথায় কুপিয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি শাহিন আলম বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছিলাম। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
