নয়াপল্টনের স্মৃতিঘেরা বিদায়
দলের সমর্থক হিসেবে শেষ দিন পর্যন্ত পাশে থাকব: টিপু
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০২:৪১ এএম
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
|
ফলো করুন |
|
|---|---|
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে ঘিরে দীর্ঘ ১৭ বছরের ত্যাগ-তিতিক্ষা, সংগ্রাম, কষ্ট-নির্যাতন ও আনন্দ-বেদনার স্মৃতিচারণা করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছেন দলের সাবেক কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
মঙ্গলবার (৩ মার্চ) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তরের পর সাংবাদিকদের কে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত ২১ জানুয়ারি পর্যন্ত তিনি সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্বতন্ত্র নির্বাচন করায় সাংগঠনিক নিয়মে ওই দিন থেকে তিনি আর এ পদে নেই। দীর্ঘদিন অফিসের দায়িত্ব পালনের কারণে কিছু নিয়মকানুন ছিল এবং তার কিছু মাসিক চাঁদা ২১ জানুয়ারি পর্যন্ত বকেয়া ছিল। সেগুলো তিনি আজ পরিশোধ করেছেন। একই সঙ্গে অফিসে তার যত দায়-দায়িত্ব ছিল, সেগুলোও আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন।
তিনি বলেন, ২১ জানুয়ারি দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার দিন তিনি ঢাকায় ছিলেন না, সে কারণে দায়িত্ব হস্তান্তরে কিছুটা দেরি হয়েছে।
তাইফুল ইসলাম টিপু বলেন, জীবনের ৪৩ বছর তিনি এ দল করেছেন এবং দীর্ঘদিন দাপ্তরিক দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে স্নেহ-ভালোবাসা ও দিকনির্দেশনা দিয়েছেন এবং কাজ করার সুযোগ করে দিয়েছেন। এজন্য তিনি তার প্রতি কৃতজ্ঞতা জানান।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ স্থায়ী কমিটির সদস্য ও বিভিন্ন পর্যায়ের নেতাদের সহযোগিতা, পরামর্শ ও স্নেহের কথা উল্লেখ করেন।
তিনি জানান, দলের চেয়ারম্যান, মহাসচিবসহ নেতৃবৃন্দের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে একটি কৃতজ্ঞতাপত্র জমা দিয়েছেন।
তাইফুল ইসলাম টিপু বলেন, তিনি এখন আর দলের কোনো পদে নেই। ফলে সাংগঠনিকভাবে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয়। তবে সমর্থক হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত দলের পাশে থাকার চেষ্টা করবেন।
তিনি দলের চেয়ারম্যান, মহাসচিবসহ সব নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চান। দায়িত্ব পালন করতে গিয়ে কোথাও কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।
তিনি আরও বলেন, দলের কার্যালয়ে তার যেসব দেনাপাওনা ছিল, সেগুলো আনুষ্ঠানিকভাবে পরিশোধ করেছি।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় তাইফুল ইসলাম টিপুকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

