Logo
Logo
×

রাজনীতি

নাহিদের প্রশ্ন

দেশ কি একদলীয় শাসনের পথে?

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৯:২৩ পিএম

দেশ কি একদলীয় শাসনের পথে?

ইফতার অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম

দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয়করণের ঝুঁকিতে পড়ছে কিনা- এ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন- দেশ কি একদলীয় শাসনের পথে?

বুধবার সিলেটে দলীয় ইফতার অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সাম্প্রতিক পরিস্থিতি পর্যবেক্ষণে মনে হচ্ছে দেশ গণতন্ত্র থেকে আবার একদলীয় শাসনের দিকে এগোচ্ছে কিনা তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তিনি বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে জবাবদিহিতার প্রয়োজনীয়তার কথা বলেন। বিশেষ করে দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ প্রসঙ্গে সরকারের স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন তিনি।

একই সঙ্গে সামনে স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান এবং সিলেটের ঐক্যের রাজনৈতিক সংস্কৃতি অটুট রাখার আশা ব্যক্ত করেন নাহিদ ইসলাম।

ইফতার মাহফিলে বক্তব্য দেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন ও সরকারি কর্ম-কমিশনের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রেখে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। ভবিষ্যতে কোনো প্রতিষ্ঠানকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

সাম্প্রতিক জাতীয় নির্বাচনের কিছু আসনে ‘ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গণতান্ত্রিক উত্তরণের স্বার্থে নির্বাচন মেনে নেওয়া হলেও জনগণের ভোটাধিকার খর্বের কোনো চেষ্টা বরদাশত করা হবে না। স্থানীয় সরকার নির্বাচনে কারচুপি বা প্রভাব বিস্তারের অভিযোগ উঠলে কঠোর প্রতিরোধ গড়ে তোলারও ঘোষণা দেন তিনি।

অন্যদিকে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সিলেটের সড়কের বেহাল চিত্র নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, নগরীর অনেক সড়ক অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং দ্রুত সংস্কার প্রয়োজন। সড়কের বাস্তব অবস্থা গণমাধ্যমে তুলে ধরতে স্থানীয় সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, একটি নিরাপদ ও সুশাসিত বাংলাদেশ গড়াই এখন সময়ের দাবি। বক্তব্যের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এনসিপি নেতারা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম