Logo
Logo
×

রাজনীতি

কুমিল্লা সিটির নতুন প্রশাসক কে এই টিপু

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১০:৪৮ পিএম

কুমিল্লা সিটির নতুন প্রশাসক কে এই টিপু

ইউসুফ মোল্লা টিপু।

সততা এবং ত্যাগের মূল্যায়ন পেলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করে কখনো আদর্শচ্যুত হননি টিপু। তাকে কুসিকের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। 

স্থানীয়রা জানায়, রাজনৈতিক জীবনে টিপু ছিলেন সৎ এবং আদর্শবান মানুষ। দলের জন্য নিবেদিত প্রাণ এ নেতা অনেক মামলা হামলার শিকার হয়েছেন। সবশেষ জুলাই আন্দোলনে রাজপথে মাথায় গুলিবিদ্ধ হন তিনি। 

শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ইউসুফ মোল্লা টিপু নিজেই যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার আব্দুল গফুর মোল্লার ছেলে ইউসুফ মোল্লা টিপু। শিক্ষা জীবনে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়। শহীদ জিয়াউর রহমানের আদর্শ এবং খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শের প্রতি আনুগত্য ছিল এই নেতার। 

২০০৩ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অধ্যায়নকালে তিনি কুমিল্লা শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১২ দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। পরে 

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদ লাভ করেন। সবশেষ ২০২২ তিনি কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 

বিএনপি নেতাকর্মীরা জানান, ইউসুফ মোল্লা টিপু বিএনপির একজন আদর্শিক নেতা। ছাত্রজীবন থেকে শুরু করে এ পর্যন্ত তিনি কোনো ধরনের অন্যায়-অনিয়ম দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজিতে জড়িত হননি। ৫ আগস্টের পর নেতাকর্মীদের নিয়ে পরিচ্ছন্ন রাজনীতি করছেন। কুমিল্লা নগরীতে তাকে পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে সবাই জানে। এবার বিএনপি পরিচ্ছন্ন নেতার হাতে সিটি কর্পোরেশনের দায়িত্ব অর্পণ করেছেন বলে মন্তব্য করেছেন অনেকে। 

তাকে কুমিল্লায় মানবিক রাজনৈতিক নেতা বলা হয়। করোনা মহামারীর সময় জীবনের ঝুঁকি নিয়ে তিনি অসংখ্য মৃতদেহ দাফন করেছেন। বিবেক নামে তার একটি সামাজিক সংগঠন রয়েছে। ওই সংগঠনের মাধ্যমে তিনি বেশ কিছু ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা করছেন। বিবেক সংগঠনের মাধ্যমে সামাজিক এবং মানবিক কর্মকান্ড পরিচালনা করছেন ইউসুফ মোল্লা টিপু। 

শনিবার কুমিল্লার একটি ইফতার মাহফিলে কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশীদ ইয়াছিন বলেন, আমরা গর্বিত ইউসুফ মোল্লা টিপুর মত একজন সন্তান আমরা পেয়েছি। টিপু কুমিল্লার পরিচ্ছন্ন রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সততা এবং ত্যাগের মূল্যায়ন হিসাবে তাকে সিটি কর্পোরেশনের প্রশাসক পদে নিয়োগ দিয়েছে সরকার। আমি বিশ্বাস করি কুমিল্লা নগরবাসী একজন ন্যায়পরায়ণ পরিচ্ছন্ন প্রশাসক পেয়েছে। এবার কুমিল্লার কাঙ্খিত উন্নয়ন হবে বলে আমি বিশ্বাস করি। 

ইউসুফ মোল্লা টিপু বলেন, সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি দুর্নীতিমুক্ত কুমিল্লা সিটি কর্পোরেশন বিনির্মাণে কাজ করব। কুমিল্লাকে নগরবাসীর কাঙ্ক্ষিত শহরে রূপান্তরের লক্ষ্যে কাজ করব। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম