‘জামায়াতের নিবন্ধন বাতিল ছাড়া উপায় নাই’, এ ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গত ৫ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কার প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ কথা বলেন। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে “৭১ এবং ৭২ এর সংবিধান কেন ভালো লাগে না আমরা বুঝি, জামায়াতকে নিবন্ধন বাতিল ছাড়া আর কোনো উপায় নাই স্বরাষ্ট্রমন্ত্রী” শিরোনামে কালের কণ্ঠের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘৭১ এবং ৭২ এর সংবিধান কেন ভালো লাগে না আমরা বুঝি জামায়াতকে নিবন্ধন বাতিল ছাড়া আর কোনো উপায় নাই স্বরাষ্ট্রমন্ত্রী’ শিরোনামে কালের কণ্ঠ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালের কণ্ঠের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে ভুয়া ফটোকার্ডটি তৈরি করে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডে কালের কণ্ঠের লোগো ও তারিখ হিসেবে ৫ এপ্রিল, ২০২৬ উল্লেখ পাওয়া যায়।উক্ত সূত্রগুলো ধরে অনুসন্ধানে কালের কণ্ঠের ফেসবুক পেজ থেকে গত ৫ এপ্রিল কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। এছাড়া, কালের কণ্ঠের ওয়েবসাইটেও এ সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে, কালের কণ্ঠের ফেসবুক পেজে ৫ এপ্রিল ‘৭১ এবং ৭২ এর সংবিধান কেন ভালো লাগে না আমরা বুঝি: স্বরাষ্ট্রমন্ত্রী’ শীর্ষক তথ্য বা শিরোনাম সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।
উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডটির শিরোনামের প্রথম অংশটি ঠিক থাকলেও নিচের লেখার ফন্ট ভিন্ন এবং আকারেও খানিকটা পার্থক্য লক্ষ্য করা যায়।
মূল ফটোকার্ডটিতে ‘৭১ এবং ৭২ এর সংবিধান কেন ভালো লাগে না আমরা বুঝি: স্বরাষ্ট্রমন্ত্রী ’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে নিচের অংশে সম্পাদনা করে এর সঙ্গে ‘জামায়াতকে নিবন্ধন বাতিল ছাড়া আর কোনো উপায় নাই’ শীর্ষক অতিরিক্ত বাক্য যুক্ত করা হয়েছে।
অর্থাৎ, কালের কণ্ঠের এ ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত কালের কণ্ঠের পোস্টে মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও থেকে জানা যায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ৭১ এবং ৭২-এর সংবিধান কেন ভালো লাগে না তা আমরা বুঝি, কারণ বিজয়ের গৌরববহ ইতিহাসকে কেউ কেউ পরাজয়ের গ্লানি হিসেবে দেখেন। তিনি উল্লেখ করেন যে, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ৭২-এর সংবিধান একটি সর্বশ্রেষ্ঠ অর্জন ও বিজয়গাঁথা, যা কিছু মানুষের কাছে পরাজয়ের সংকেত মনে হতে পারে, কিন্তু তিনি সেই পথে চলতে প্রস্তুত নন।
তিনি আরও জানান যে, বিরোধী দল বর্তমানে ৭১ এবং ৭২-এর দিকে ফিরে যেতে চায়, যা তিনি সমর্থন করেন। তবে তিনি স্পষ্ট করে বলেন যে, ৭১-এর সঙ্গে ২৪-এর জুলাই সনদ বা বর্তমান পরিস্থিতির তুলনা করা যায় না। তিনি আশা প্রকাশ করেন যে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমে এবং ১৯৭২-এর মূলনীতিগুলো পুনরুদ্ধারের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।
পাশাপাশি অন্য গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্র গুলো বরাতেও আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷
সুতরাং, ‘৭১ এবং ৭২ এর সংবিধান কেন ভালো লাগে না আমরা বুঝি, জামাতকে নিবন্ধন বাতিল ছাড়া আর কোন উপায় নাই স্বরাষ্ট্রমন্ত্রী’ শিরোনামে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
