Logo
Logo
×
   

রাজনীতি

প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের ফসল জনগণের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন: খন্দকার মারুফ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৬:৫৫ পিএম

প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের ফসল জনগণের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন: খন্দকার মারুফ

বক্তব্য রাখছেন ড. খন্দকার মারুফ।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার পতন আন্দোলনের অন্যতম রূপকার প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে সরকার জুলাই আন্দোলনের ফসল জনগণের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে।

বুধবার (৫ আগস্ট) দাউদকান্দি উপজেলা সদরে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি এবং জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

দাউদকান্দি উপজেলা প্রশাসন আয়োজিত ‘৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’-এর অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— ‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।

তিনি বলেন, জনগণের প্রধান দাবি ছিল স্বৈরাচার হাসিনার দ্রুত পদত্যাগ। কিন্তু মহান আল্লাহ তাকে পদত্যাগ নয়, দেশত্যাগে বাধ্য করেছেন। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে থেকেও দেশকে অস্থিতিশীল করতে গভীর ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, বিগত অন্তর্বর্তী সরকার জুলাই যোদ্ধাদের মূল্যায়ন করেনি। প্রকৃত জুলাই যোদ্ধাদের গেজেটে অন্তর্ভুক্ত করার জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি করছি। সরকার জুলাই আন্দোলনের জনআকাঙ্ক্ষা পূরণে আন্তরিকভাবে কাজ করছে। সরকারকে সহযোগিতা দিতে সংসদের ভেতর ও বাইরে সবাইকে আলোচনা করতে হবে। তা না করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে বিরোধী নেতৃবৃন্দ মুখরোচক ও বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন।

খন্দকার মারুফ বলেন, প্রধানমন্ত্রী সবাইকে নিয়ে কাজ করে রাষ্ট্রকে বিশ্বে সম্মানজনক অবস্থানে পৌঁছাতে দৃঢ়প্রতিজ্ঞ। ফ্যাসিস্ট সরকারের ১৬-১৭ বছরের জঞ্জাল সরিয়ে তারেক রহমানের নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বিএনপি যখনই সরকারে থাকে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের জানমাল নিরাপদ থাকে।

দাউদকান্দির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ, থানার ওসি সাজেদুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম. এ. লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, বিএনপি নেতা আলহাজ জসিম উদ্দিন আহমেদ, পিটার চৌধুরী, কাউসার আলম সরকার, কামাল হোসেন, আরিফ মাহমুদ, যুবদল নেতা শরীফ চৌধুরী ও রোমান খন্দকার। এছাড়া জুলাই শহীদ ও জুলাই যোদ্ধা পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .