ঐক্য থাকলে ফ্যাসিবাদী ব্যবস্থা কবর দিতে পারব: সাকি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৪:১৯ এএম
|
ফলো করুন |
|
|---|---|
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, যদি জনগণের মধ্যে ঐক্য থাকে, তাহলে দেশ থেকে ফ্যাসিবাদী ব্যবস্থাকে কবর দিতে পারব। যে লুটপাট ও দুর্নীতির রাজত্ব কায়েম হয়েছে সেটাকে কবর দিতে পারব।
শুক্রবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জুলাই গণসমাবেশ’র আয়োজন করে গণসংহতি আন্দোলন।
জুলাই শহীদ জুলফিকার আহমেদ শাকিলের মা আয়েশা বেগম সমাবেশের উদ্বোধন করেন। শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশে গুম, খুন, অত্যাচার ও ত্রাসের রাজত্বের ভিত্তি ছিল ফ্যাসিবাদী শাসন। ক্ষমতা দিয়ে টাকা-পয়সা, ধনসম্পদ আহরণ করতে গিয়ে ব্যাংক, বিমা, ব্যবসা-বাণিজ্য ও সব উন্নয়ন প্রকল্প খেয়ে ফেলেছিল তারা। লুটপাট ও দুর্নীতি আমরা বন্ধ করতে না পারলে দেশে নতুন ক্ষমতাব্যবস্থা প্রতিষ্ঠা হবে না। শহীদদের স্বপ্নপূরণে আমাদের নতুন রাজনৈতিক এবং ক্ষমতাব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের দায়িত্ব নিতে অন্তর্বর্তী সরকার কেন ব্যর্থ হয়েছে-তার ব্যাখ্যা ৫ আগস্টের মধ্যে জানানোর দাবি জানান জোনায়েদ সাকি। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনারা যদি নতুন রাজনৈতিক বন্দোবস্তে যেতে চান, তাহলে প্রথম কাজ দরকার ছিল এই শহীদের মর্যাদা ও তাদের পরিবারের দায়িত্ব নেওয়া। দরকার ছিল আহতদের চিকিৎসা এবং তাদের দায়িত্ব নেওয়া।
গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, শহীদদের রক্তের সঙ্গে বেইমানি না করতে চাইলে এই রাষ্ট্রব্যবস্থা বদলাতেই হবে। এটিই হবে ‘জুলাই সনদ’, জনগণের ম্যান্ডেটে গঠিত নতুন চুক্তি। সমাবেশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য ও আহতরা বক্তব্য দেন। তারা দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি জানান।
