Logo
Logo
×

অর্থনীতি

ই-রিটার্ন দিতে অসমর্থ হলে জানাতে হবে ১৫ জানুয়ারির মধ্যে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৪:৪৬ এএম

ই-রিটার্ন দিতে অসমর্থ হলে জানাতে হবে ১৫ জানুয়ারির মধ্যে
ব্যক্তিশ্রেণির করদাতারা যদি ই-রিটার্ন দাখিল করতে অসমর্থ হন, তবে আগামী ১৫ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট কর অঞ্চলে আবেদন করার সুযোগ পাচ্ছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

আগেই ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আয়কর বিবরণী বা রিটার্ন অনলাইনে দাখিলের বাধ্যবাধকতা কিছুটা শিথিল করা হয়েছিল। তখন বলা হয়েছিল, ই-রিটার্ন দাখিল করতে অক্ষম হলে আগের মতো সরাসরি আবেদন করতে পারবেন।

এবারের জন্য এনবিআর নির্দিষ্ট সময়সীমা ঠিক করেছিল, যার মধ্যে করদাতারা আবেদন করতে পারবে। এরই মধ্যে কয়েক দফা সময়সীমা বাড়ানোর পর এবার শেষবার সময়সীমা ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।    

এর একদিন আগে, রোববার, ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা দ্বিতীয় দফায় এক মাস বাড়িয়ে ৩১ জানুয়ারি করা হয়।

চলতি করবর্ষে স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক হলেও ৬৫ বছর বা তার বেশি বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনজীবী প্রতিনিধিদের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না।

তাদের ক্ষেত্রে আইনজীবী প্রতিনিধিরা চাইলে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন, কিন্তু বাধ্যতামূলক নয়। প্রবাসীদের ক্ষেত্রেও ইচ্ছা করলে অনলাইনে রিটার্ন দাখিলের সুযোগ রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম