|
ফলো করুন |
|
|---|---|
আবদুস সালাম ছিলেন একজন সাংবাদিক, যিনি স্বাধীনতা-উত্তরকালে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর প্রথম মহাপরিচালক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাকিস্তানি সামরিক-বেসামরিক উভয় শাসনকালেই বাঙালিদের অধিকার সম্পর্কে তার সম্পাদিত পাকিস্তান অবজারভারে (পরবর্তী নাম বাংলাদেশ অবজারভার) লিখে তিনি শাসকদের বিরাগভাজন হন এবং একাধিকবার কারারুদ্ধ হন।
আবদুস সালাম ১৯১০ সালের ২ আগস্ট ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনেঅসাধারণ কৃতিত্বের পরিচয় দেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় তিনি চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান লাভ করেন। একই বিশ্ববিদ্যালয়ের আইএসসি পরীক্ষায় মুসলিম ছাত্রদের মধ্যে তিনি শীর্ষস্থান লাভ করেন। এরপর কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে প্রথম হয়ে টনি মেমোরিয়াল স্বর্ণপদক পান।
আবদুস সালাম অল্প কিছুদিন ফেনী কলেজে ইংরেজিতে অধ্যাপনার পর সরকারি চাকরিতে যোগ দেন। ইংরেজ আমলে বেঙ্গল সরকারের আয়কর, সিভিল সাপ্লাইজ, অডিট ইত্যাদি বিভাগে অনেক গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন তিনি। তবে দেশবিভাগের সময় তিনি ঢাকায় চলে আসেন এবং কিছুদিনের মধ্যেই পূর্ব বাংলা সরকারের উপ-মহাহিসাব পরিচালক নিযুক্ত হন।
তিনি উপলব্ধি করেন, পূর্ব বাংলাকে পশ্চিমা শাসকগোষ্ঠী একটা উপনিবেশ করে রাখতে চায়। তাই লোভনীয় সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে অবজারভার পত্রিকায় অনিশ্চিত নতুন জীবন শুরু করেন। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির এক সপ্তাহ আগে একটি সম্পাদকীয়কে ধর্মবিরোধী আখ্যা দিয়ে নূরুল আমীনের মুসলিম লীগ সরকার আবদুস সালামকে কারারুদ্ধ করেন এবং পত্রিকাটি বন্ধ করে দেন। দীর্ঘ দুবছর তাকে এখানে-সেখানে ছোটখাটো চাকরি করে সংসার চালাতে হয়। এরপর ১৯৫৪ সালের নির্বাচনে আবদুস সালাম যুক্তফ্রন্টের মনোনয়নে বিপুল ভোটে প্রাদেশিক সংসদের সদস্য নির্বাচিত হন। অবজারভার পুনরায় তার সম্পাদনায় প্রকাশনা শুরু করে। কিন্তু এর কিছুদিন পরই পাকিস্তানে সামরিক শাসনের সূত্রপাত হয়। আবদুস সালাম আইউব খানের আত্মজীবনী ‘Friends, not Masters’-এর বিরূপ সমালোচনা করায় তার পত্রিকায় সরকারি বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়। তবে সমগ্র পাকিস্তানেই আবদুস সালাম বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য সম্মানিত ব্যক্তিত্বে পরিণত হন। তাকে পাকিস্তান কাউন্সিল অব নিউজপেপার এডিটরসের সভাপতি নির্বাচিত করা হয়। তিনি জাতীয় প্রেস ক্লাবের আজীবন সদস্যপদ লাভ করেন। স্বাধীনতার পর নতুন সরকারকে কিছু গঠনমূলক পরামর্শ দিয়ে ‘দ্য সুপ্রিম টেস্ট’ নামে একটি সম্পাদকীয় লেখার কারণে তাকে সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। ১৯৭৫ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবদুস সালামের অনুরোধে প্রেস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন এবং আবদুস সালাম হন এর প্রতিষ্ঠাতা-পরিচালক। ১৯৭৬ সালে প্রথম একুশে পদক প্রবর্তন হলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মতো আব্দুস সালামও এ পদকে ভূষিত হন। ১৯৭৭ সালের ১৩ ফেব্রুয়ারি তিনি মারা যান।
