|
ফলো করুন |
|
|---|---|
আজ সাংবাদিক ও শিশু সংগঠক রোকনুজ্জামান খানের জন্মবার্ষিকী। তিনি ১৯২৫ সালের ৯ এপ্রিল রাজবাড়ীর পাংশায় জন্মগ্রহণ করেন। রোকনুজ্জামান খান বেশি পরিচিত ছিলেন দাদাভাই নামে। তিনি ছিলেন শিশু সংগঠন কচিকাঁচার মেলার প্রতিষ্ঠাতা পরিচালক। ১৯৫৬ সালে দেশের সবচেয়ে বড় এই শিশু-কিশোর সংগঠন প্রতিষ্ঠা করেন তিনি। বিখ্যাত অনেক ব্যক্তি এর সদস্য ছিলেন। এছাড়া রোকনুজ্জামান খান দৈনিক ইত্তেফাকের শিশু-কিশোরদের কচিকাঁচার আসর বিভাগের পরিচালক হিসাবে আমৃত্যু দায়িত্ব পালন করেছেন।
রোকনুজ্জামান খান ১৯৪৮ সালে আবুল মনসুর আহমদ সম্পাদিত ইত্তেহাদ পত্রিকার ‘মিতালী মজলিস’ নামের শিশু বিভাগের দায়িত্ব লাভের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি ভারপ্রাপ্ত সম্পাদক হিসাবে ‘শিশু সওগাত’ পত্রিকায় দায়িত্ব পালন করেন। ১৯৫২ সালে তিনি দৈনিক মিল্লাতের কিশোর দুনিয়ার শিশু বিভাগের পরিচালক ছিলেন। ১৯৫৫ সালে তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকায় তার কর্মজীবন শুরু করেন। সে বছর ২ এপ্রিল তিনি কচিকাঁচার আসর বিভাগের পরিচালক নিযুক্ত হন এবং আসর পরিচালকের নামকরণ করা হয় দাদাভাই। সেই থেকে তিনি নতুন পরিচয় পান দাদাভাই। তার অনুরোধেই ছোটদের উপযোগী করে লিখতেন সুফিয়া কামাল, আব্দুল্লাহ আল মুতি শরফুদ্দিন, শওকত ওসমান, আহসান হাবীব, ফয়েজ আহমেদ, হোসনে আরা, নাসির আলী, হাবীবুর রহমানসহ বিখ্যাত অনেক লেখক। ‘বাক বাক্ কুম পায়রা/মাথায় দিয়ে টায়রা/বউ সাজবে কাল কি/চড়বে সোনার পালকি’-এ অসামান্য শিশুতোষ ছড়াটি লিখেছেন রোকনুজ্জামান খান। এছাড়া ‘খোকন খোকন ডাক পাড়ি’, ‘আজব হলেও গুজব নয়’ ইত্যাদি বই লিখেছেন দাদাভাই। তিনি সম্পাদনা করেছেন বহু বই। তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬৮), শিশু একাডেমি পুরস্কার (১৯৯৪), একুশে পদক (১৯৯৮), স্বাধীনতা দিবস পুরস্কারসহ (২০০০) বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি ১৯৯৯ সালের ৩ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
