|
ফলো করুন |
|
|---|---|
আজ কবি, গবেষক, প্রাবন্ধিক ও সাংবাদিক সাযযাদ কাদিরের জন্মবার্ষিকী। তিনি ১৯৪৭ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইল জেলার মিরের বেতকা গ্রামে তার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায়। তিনি ১৯৬২ সালে বিন্দুবাসিনী উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে ১৯৬৯ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৭০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।
দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে সাযযাদ কাদির করটিয়া সা’দত কলেজের বাংলা বিভাগে শিক্ষক হিসাবে যোগদান করেন। ১৯৭৬ সালে কলেজের চাকরি ত্যাগ করে সাপ্তাহিক বিচিত্রায় যোগদানের মাধ্যমে সাংবাদিকতা পেশায় আত্মনিয়োগ করেন। ১৯৭৮ সালে তিনি রেডিও বেইজিংয়ে যোগদান করেন। ১৯৮২ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত তিনি দৈনিক সংবাদের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর ১৯৮৫ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি আগামী ও তারকালোক পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীকালে তিনি দৈনিক দিনকাল পত্রিকায় যোগ দেন। ১৯৯৫ সালে তিনি যোগ দেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে। এরপর তিনি দৈনিক মানবজমিন পত্রিকায় যুগ্ম সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।
সাযযাদ কাদির কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ-গবেষণা, শিশুতোষ রচনা, অনুবাদসহ বিভিন্ন বিষয়ে ৬০টির বেশি গ্রন্থ রচনা করেছেন। তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য : যথেচ্ছ ধ্রুপদ (১৯৭০), চন্দনে মৃগপদচিহ্ন (১৯৭৬), লাভ স্টোরি (১৯৭৭), অন্তর্জাল (২০০৮), রবীন্দ্রনাথ : শান্তিনিকেতন (২০১২) ইত্যাদি।
লেখক হিসাবে তিনি জাতীয় কবিতা পরিষদ পুরস্কার, পশ্চিমবঙ্গের নাথ সাহিত্য ও কৃষ্টিকেন্দ্রিক সাহিত্য-পত্রিকার শৈবভারতী পুরস্কার, বাচসাস পুরস্কার, এম নুরুল কাদের পুরস্কার, ময়মনসিংহ প্রেস ক্লাব পদক, ভাষাসৈনিক শামসুল হক পদকসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি ২০১৭ সালের ৬ এপ্রিল মৃত্যুবরণ করেন।
