Logo
Logo
×

স্মরণীয়-বরণীয়

এম এন আখতার

Icon

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের আঞ্চলিক গানের জনপ্রিয় গীতিকার, সুরকার ও শিল্পী এম এন আখতারের মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১২ সালের ১৮ এপ্রিল মৃত্যুবরণ করেন। এম এন আখতার ১৯৩১ সালের ১ জুলাই চট্টগ্রামের রাউজানের মোহাম্মদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। গান লেখা ও সুর করার পাশাপাশি তিনি গাইতেনও।

এম এন আখতার ১৯৬২ সালে বেতার শিল্পী হিসাবে যোগ দেন। আঞ্চলিক গানের সম্রাজ্ঞী বলে পরিচিত শিল্পী শেফালী ঘোষের ওস্তাদ ছিলেন তিনি। তার লেখা ও সুর করা গান গেয়ে শ্যামসুন্দর বৈষ্ণব ও শেফালী ঘোষ খ্যাতি পেয়েছেন। তার অনেক গান চলচ্চিত্রেও নেওয়া হয়েছে। কয়েক যুগ আগে গ্রামোফোন রেকর্ডে শিল্পী আখতার ও সাবিনা ইয়াসমিন গেয়েছিলেন, ‘কইলজার ভিতর গাঁথি রাইখ্যম তোয়ারে’ গানটি। পরে এ গান ব্যাপক জনপ্রিয়তা পায়। ‘যদি সুন্দর একখান মুখ পাইতাম’ গানটিও তার লেখা। এম এন আখতার পাঁচ হাজারেরও বেশি গান লিখেছেন। পাশাপাশি লিখেছেন অনেক নাটক ও কবিতা। তিনি সংগীতবিষয়ক কয়েকটি গ্রন্থ লিখেছেন। তার লেখা গানের মধ্য থেকে কয়েক হাজার গান নিয়ে ‘এম এন আখতারের গান’ নামে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। শুধু আঞ্চলিক গানের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি তিনি। একুশের গান, দেশাত্মবোধক গান, আধুনিক গান, পল্লীগীতি, ভাবের গান, বিচ্ছেদি গান, পীর-আউলিয়ার গান-এমন বিভিন্ন বিষয়ে তিনি গান রচনা করেছেন। ষাটের দশক থেকে তিনি পূর্ণাঙ্গ আঞ্চলিক ভাষায় আটটি এবং প্রমিত ভাষায় চারটি গীতিনাট্য রচনা করেন। তিনি ১৯৮৭ সালে অবসর নেন।

এম এন আখতার রচিত অনেক গানের মধ্যে একটি সাড়া জাগানো গান ছিল ‘বকশি হাইট্টা পানের খিলি তারে বানাই খাবাইতাম’। তার রচিত উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘কইলজার ভিতর গাঁথি রাইখ্যম তোয়ারে’, ‘যদি সুন্দর একখান মুখ পাইতাম’, ‘তুমি যে আমার জীবনের উপহার’, ‘ও পরানর তালত ভাই চিডি দিলাম’, ‘বাচুরে-জী জী জী, বর্গী এলো দেশে’, ‘মধুমিতা’ ইত্যাদি। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় চুড়িওয়ালা, সোনার কলসী, নাতিন জামাই, কানের ফুল, রাঙ্গাবালির চরে, বৈশাখী মেলাসহ অনেক নাটক লিখেছেন তিনি। তার সর্বশেষ রচিত হাসির নাটক ‘রসিক দাদুর স্কুলে মানুষ গড়ার কল’।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম