Logo
Logo
×

স্মরণীয়-বরণীয়

এফআর খান

Icon

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গত ৩ এপ্রিল ছিল বিশ্বখ্যাত স্থপতি ও পুরকৌশলী ফজলুর রহমান খানের জন্মবার্ষিকী। তিনি ১৯২৯ সালের ৩ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি পৃথিবীর অন্যতম উচ্চ ভবন যুক্তরাষ্ট্রের শিকাগোর সিয়ার্স টাওয়ারের (বর্তমানে উইলিস টাওয়ার) নকশা প্রণয়ন করেন। তার বাবা খান বাহাদুর আবদুর রহমান খাঁ ছিলেন একজন শিক্ষাবিদ। তাদের আদি বাড়ি ছিল মাদারীপুর জেলার শিবচরে। এফআর খান ১৯৪৪ সালে ঢাকার একটি উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ১৯৪৬ সালে কলকাতার একটি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি কলকাতার একটি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন। চূড়ান্ত পরীক্ষা চলাকালে পঞ্চাশের সাম্প্রদায়িক দাঙ্গার কারণে তিনি ঢাকায় ফিরে এলে তৎকালীন আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ (বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) থেকে বাকি পরীক্ষা সমাপ্ত করেন। কলকাতার ইঞ্জিনিয়ারিং কলেজে অনুষ্ঠিত পরীক্ষা এবং আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজের পরীক্ষার উভয় ফলের ভিত্তিতে তাকে বিশেষ বিবেচনায় ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্থাৎ প্রকৌশলে স্নাতক উপাধি প্রদান করা হয়। এ মূল্যায়নে তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। তিনি ১৯৫২ সালে যুগপৎ সরকারি বৃত্তি ও ফুলব্রাইট বৃত্তি নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গমন করেন। সেখানে ১৯৫৩ সালে তিনি ইউনিভার্সিটি অব ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইন থেকে অবকাঠামো প্রকৌশল (স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং) ক্ষেত্রে সনদ এবং ১৯৫৫ সালে তত্ত্বীয় ও ফলিত বলবিজ্ঞানে স্নাতকোত্তর (মাস্টার অব সায়েন্স) ডিগ্রি লাভ করেন।

এর পরপরই এফআর খান আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যাপক পদে যোগ দেন। ১৯৫৫ সালে তিনি শিকাগো শহরের একটি প্রকৌশল প্রতিষ্ঠানে প্রকল্প প্রকৌশলী হিসাবে যোগদান করেন। পরবর্তীকালে তিনি আমেরিকার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির স্থাপত্য বিভাগে অধ্যাপক পদে অধিষ্ঠিত হন। সেখানে পরে তিনি প্রফেসর ইমেরিটাস হয়েছিলেন। এফআর খান মুসলিম স্থাপত্য বিষয়ের ওপর নানা ধরনের গবেষণা করেছেন। তিনি Tube in Tube নামে স্থাপত্যশিল্পের এক নতুন পদ্ধতি উদ্ভাবন করেছিলেন, যার মাধ্যমে অতি উচ্চ (কমপক্ষে একশ তলা) ভবন স্বল্প খরচে নির্মাণ করা সম্ভব। তিনি ১৯৮২ সালের ২৭ মার্চ মৃত্যুবরণ করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম