Logo
Logo
×

স্মরণীয়-বরণীয়

আল ফারাবি

Icon

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রখ্যাত মুসলিম দার্শনিক ও বিজ্ঞানী আল ফারাবির পুরো নাম আবু নসর মুহম্মদ বিন মুহম্মদ আল ফারাবি। তিনি একজন জ্যোতির্বিদও ছিলেন। পদার্থবিজ্ঞান, সমাজবিজ্ঞান, দর্শন, যুক্তিশাস্ত্র, গণিতশাস্ত্র, চিকিৎসাবিজ্ঞান ইত্যাদি ক্ষেত্রে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। পদার্থবিজ্ঞানে তিনিই ‘শূন্যতা’র অবস্থান প্রমাণ করেছিলেন। তিনি ৮৭২, মতান্তরে ৮৭০ খ্রিষ্টাব্দে তৎকালীন পারস্যের ‘ফারাব’ নামক শহরের নিকটবর্তী ‘আল ওয়াসিজ’ নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ৯৫৬ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।

আল ফারাবি দর্শন ছাড়াও যুক্তিবিদ্যা ও সংগীতের মতো জ্ঞানের বিভিন্ন শাখায় অবদান রেখেছেন। ‘আল মদিনা আল ফাজিলা’ বা আদর্শ নগর তার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ। ‘কিতাব আল মুসিকি আল কবির’ বা সংগীতের মহান গ্রন্থ তার আরেকটি বিখ্যাত গ্রন্থ।

আল ফারাবি প্লেটো ও অ্যারিস্টটলের দর্শনের ওপর বিস্তর আলোচনা করেছেন। প্লেটোর ‘রিপাবলিক’-এর মতো তিনিও একটি আদর্শ রাষ্ট্রের কল্পনা করেছেন তার ‘আল মদিনা আল ফাজিলা’ গ্রন্থে। তিনি স্রষ্টার সর্বাধিপত্য স্বীকারের পাশাপাশি সৃষ্টিকেও শাশ্বত বলে মনে করতেন। তিনি কোনো চরম মত পোষণ করতেন না এবং চিন্তার ক্ষেত্রে পরস্পরবিরোধী মতকে প্রায়ই একসঙ্গে মেলানোর চেষ্টা করেছেন।

আদর্শ নগরে তার রাষ্ট্রনায়কের একনায়ক বৈশিষ্ট্য প্রকট। তার মতে, রাষ্ট্রের যিনি প্রধান, তিনি রাষ্ট্রের সর্বৈব ক্ষমতা পোষণ করবেন এবং অন্য সবাই তার বাধ্য থাকবেন। নাগরিকদের ক্ষমতায়ও থাকবে শ্রেণি বিভাজন, যেখানে কোনো শ্রেণি তার উপরের শ্রেণির আদেশ মান্য করবে এবং নিচের শ্রেণির ওপর আদেশ জারি করবে। তৎকালীন বহুধাবিভক্ত সামন্ততান্ত্রিক সমাজকে এককেন্দ্রিক রাষ্ট্রকাঠামোর আওতায় আনতে এই রাষ্ট্রদর্শন প্রভাব বিস্তার করে এবং সময়ের বিচারে এরূপ ভাবনা গুরুত্বপূর্ণ ছিল। আদর্শ রাষ্ট্রকে তিনি অসম্ভব উল্লেখ করলেও এটি অর্জনের জন্য মানুষের চিরন্তন প্রচেষ্টাকে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন। মুসলিম মিল্লাতে তার অবদান অনস্বীকার্য।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম