|
ফলো করুন |
|
|---|---|
ফ্রানৎস কাফকা ছিলেন একজন প্রভাবশালী জার্মান ভাষার লেখক, যিনি বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্যিক হিসাবে বিবেচিত হন। তিনি মূলত তার উপন্যাস, ছোট গল্প ও প্রবন্ধের জন্য পরিচিত। তার কাজগুলো বাস্তবতা ও কল্পনার একটি অদ্ভুত মিশ্রণ, যা প্রায়ই মানুষের বিচ্ছিন্নতা, উদ্বেগ এবং আধুনিক জীবনের জটিলতা তুলে ধরে।
ফ্রানৎস কাফকা ১৮৮৩ সালের ৩ জুলাই তৎকালীন অস্ট্রো-হাঙ্গেরি সাম্রাজ্যের (বর্তমান চেক প্রজাতন্ত্রের প্রাগ) একটি জার্মানভাষী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি প্রাগের কার্ল-ফের্দিনান্দ বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেন এবং ১৯০৬ সালে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি একটি বিমা সংস্থায় কাজ করতেন এবং জীবনের একটি বড় অংশ সেখানে অতিবাহিত করেন।
কাফকা ছিলেন প্রচুর পরিমাণে লেখালেখি করা একজন লেখক, যিনি অধিকাংশ অবসর সময় তার লেখার পেছনে ব্যয় করতেন, প্রায়ই গভীর রাতে। আত্মবিশ্বাসের অভাবে তিনি তার প্রায় ৯০ শতাংশ কাজ পুড়িয়ে ফেলেছিলেন বলে মনে করা হয়। বাকি ১০ শতাংশের একটি বড় অংশ হারিয়ে গেছে বা এখনো প্রকাশিত হয়নি। তিনি তার বন্ধু ও লেখক ম্যাক্স ব্রডকে তার মৃত্যুর পর পাণ্ডুলিপিগুলো পুড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন; কিন্তু ব্রড তা করেননি এবং কাফকার কাজগুলো প্রকাশ করেন। কাফকার সবচেয়ে বিখ্যাত কাজগুলোর মধ্যে রয়েছে ‘দ্য মেটামরফোসিস, ‘দ্য ট্রায়াল’, ‘দ্য ক্যাসেল’ এবং ‘লেটার টু হিজ ফাদার। ফ্রানৎস কাফকার লেখাগুলো প্রায়ই রহস্যময়, পরাবাস্তব এবং প্রতীকী হয়ে থাকে, যা আধুনিক মানুষের অস্তিত্বের সংকট এবং সমাজের বিভিন্ন দিকের প্রতিচ্ছবি তুলে ধরে। তার কাজগুলো বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এবং বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।
ফ্রানৎস কাফকা যক্ষ্মা রোগে ভুগে ১৯২৪ সালের ৩ জুন ভিয়েনার একটি স্যানাটোরিয়ামে মারা যান।
