Logo
Logo
×

স্মরণীয়-বরণীয়

পাবলো নেরুদা

Icon

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চিলির কবি, কূটনীতিক ও রাজনীতিবিদ পাবলো নেরুদার প্রকৃত নাম রিকার্দো এলিসের নেফতালি রেইয়েস বাসোয়ালতো। তবে তিনি তার ছদ্মনাম এবং পরবর্তীকালে আইনসিদ্ধ নাম পাবলো নেরুদা নামেই অধিক পরিচিত হন। তিনি ১৯০৪ সালের ১২ জুলাই চিলির লিনারেস প্রদেশের পাররাল শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা হোসে দেল কারমেন রেইয়েস মোরেলস একজন রেলওয়ের কর্মকর্তা ছিলেন। মাতা রোসা নেফতালি বাসোয়ালতো ওপাজো ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা। পাবলো নেরুদা ১৯৭১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। নেরুদা মাত্র তেরো বছর বয়সে কবি হিসাবে পরিচিতি লাভ করেন এবং বিভিন্ন ধরনের কবিতা লিখতে শুরু করেন, যার মধ্যে ছিল পরাবাস্তববাদী কবিতা, ঐতিহাসিক মহাকাব্য, প্রকাশ্য রাজনৈতিক ইশতেহার, গদ্য আত্মজীবনী এবং ভালোবাসার কবিতা।

নেরুদা তার জীবদ্দশায় বিভিন্ন দেশের কূটনৈতিক পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি চিলির কমিউনিস্ট পার্টির সিনেটর হিসাবেও এক মেয়াদ দায়িত্ব পালন করেন। ১৯৪৮ সালে প্রেসিডেন্ট গাব্রিয়েল গোন্সালেস ভিদেলা চিলিতে কমিউনিজম বাতিল করলে নেরুদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তার বন্ধুরা তাকে বন্দরনগরী বালপারাইসোর একটি বাড়ির বেজমেন্টে মাসখানেক লুকিয়ে রাখেন এবং ১৯৪৯ সালে তিনি মাইহু হ্রদের নিকটবর্তী এক গিরিপথ দিয়ে পালিয়ে আর্জেন্টিনায় চলে যান। পরে তিনি চিলিতে ফিরে এলে ১৯৭০ সালে প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত হন। কিন্তু তিনি সালভাদোর আলেন্দেকে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নেন। আলেন্দে নির্বাচনে জয়লাভ করেন। চিলির সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট সালভাদোর আলেন্দের ঘনিষ্ঠ পরামর্শদাতা হন নেরুদা। নেরুদাকে প্রায়ই চিলির জাতীয় কবি হিসাবে বিবেচনা করা হয়। তার সৃষ্টিকর্মগুলো বিশ্বব্যাপী জনপ্রিয় এবং প্রভাব বিস্তারকারী। কলম্বিয়ার ঔপন্যাসিক গাব্রিয়েল গার্সিয়া মার্কেস একদা তাকে ‘বিংশ শতাব্দীর যে কোনো ভাষার সেরা কবি’ বলে অভিহিত করেন। নেরুদা ১৯৭৩ সালের ২৩ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম