‘আর জুলাই জুলাই কইরেন না’ ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পিএম
ছবি: বাংলাফ্যাক্ট
|
ফলো করুন |
|
|---|---|
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালককে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ‘আর জুলাই জুলাই কইরেন না’ বলেছেন দাবি করে ফেসবুকে যে ফটোকার্ড ছড়িয়ে দেওয়া হয়েছে, সেটি অপপ্রচার হিসেবে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।
বাংলাফ্যাক্ট জানায়, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালককে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ‘আর জুলাই জুলাই কইরেন না’ বলেছেন দাবি করে একটি ফটোকার্ড ফেসবুকে ছড়ানো হয়েছে। গত ৪ এপ্রিল দিবাগত রাত ১১টায় ফেসবুকে Siam An Nufais আইডি থেকে এ সংক্রান্ত একটি ফটোকার্ড প্রকাশ করা হয়। এতে অভিযোগ করা হয়, একটি তথ্যচিত্রের বিল আনতে গিয়ে তারা ‘ভেতরের একটি সূত্র থেকে’ জানতে পারেন যে, তথ্য সচিব ডিএফপির মহাপরিচালককে এই কথা বলেছেন।
বাংলাফ্যাক্ট জানায়, অভিযোগকারী সরাসরি তথ্য সচিব কিংবা ডিএফপির মহাপরিচালক থেকে এ সংক্রান্ত কথা শোনার কথা বলেননি, বরং অজ্ঞাতনামা ‘ভেতরের সূত্র’ থেকে এ কথা শুনেছেন বলে দাবি করেন। এই ‘ভেতরের সূত্র’ কে- তা তিনি উল্লেখ করেননি। পরবর্তীতে কোনো তথ্যসূত্র ছাড়া এ সংক্রান্ত ফটোকার্ড প্রকাশ করে কয়েকটি পেজ।
বাংলাফ্যাক্টের অনুসন্ধান টিম জানায়- ডিএফপির মহাপরিচালক এ ব্যাপারে বলেছেন, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব আমাকে কখনো এ ধরনের কথা বলেননি।’
ফেসবুকে তথ্যসূত্রহীন পোস্টগুলোতে তথ্য সচিবকে ‘জুলাইবিরোধী’ হিসেবে উপস্থাপনের প্রবণতা দেখা যায়। তবে দায়িত্ব গ্রহণের পর তার তত্ত্বাবধানে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বেশ কিছু উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। এর মধ্যে রয়েছে গণঅভ্যুত্থানকেন্দ্রিক চলচ্চিত্র নির্মাণ, একাধিক ডকুমেন্টারি প্রকাশ, বই প্রকাশ, তারুণ্যের উৎসব আয়োজন, ছবি ও ড্রোন ফুটেজ প্রতিযোগিতা, এবং গ্রাফিতি প্রদর্শনী। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে আহত সাংবাদিক ও যোদ্ধাদের অংশগ্রহণে ১৪টি প্রশিক্ষণ কর্মসূচিও আয়োজন করা হয়েছে।
