অভিষেক শর্মাকেও পেছনে ফেলেছিলেন, এবার তিনি ঝড় তুলতে চান শারজাতেও
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৮:৩০ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ভারতীয় সংবাদমাধ্যম তার আখ্যা দিয়েছে ‘বাংলাদেশের অভিষেক শর্মা’। তবে একটা দিক থেকে অভিষেককেও পেছনে ফেলেছিলেন সাইফ হাসান। সদ্যসমাপ্ত এশিয়া কাপে চার ম্যাচে ১২টি ছক্কা মেরে সবাইকে চমকে দিয়েছেন বাংলাদেশের ওপেনার সাইফ। টুর্নামেন্টে তার চেয়ে বেশি ছক্কা মেরেছেন শুধু ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। তবে টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটার ১৯ ছক্কা মেরেছেন সাত ম্যাচে।
ম্যাচপ্রতি ছক্কায় অভিষেকের চেয়েও এগিয়ে থাকা সাইফ এবার ঝড় তুলতে চান শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। এই সিরিজের জন্যই এশিয়া কাপের সুপার ফোর থেকে বিদায়ের পরও বাংলাদেশ দল রয়ে গেছে সংযুক্ত আরব আমিরাতে।
আজ রাত ৯টায় প্রথম টি-টোয়েন্টিতে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। এই দলে অবশ্য নেই নিয়মিত অধিনায়ক লিটন দাস। চোটের দরুন নিয়মিত অধিনায়ক লিটন দাস ছিটকে যাওয়ায় বাংলাদেশকে নেতৃত্ব দেবেন জাকের আলী। লিটনের জায়গায় দলে ফিরলেও ভিসা জটিলতার কারণে প্রথম ম্যাচে সৌম্য সরকারের খেলা অনিশ্চিত।
ওদিকে ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের ফর্ম হারিয়ে ধুঁকছেন। ব্যাটিংয়ে প্রায় সবাই অধারাবাহিক। ভরসা এখন সাইফ, এশিয়া কাপে চার ম্যাচে যার ব্যাট থেকে এসেছে ১৭৮ রান। টি-টোয়েন্টিতে দেশের বাইরে আফগানিস্তানের বিপক্ষে প্রথম পাঁচ ম্যাচেই হেরেছিল বাংলাদেশ। এবার এশিয়া কাপের গ্রুপপর্বে আফগানদের আট রানে হারিয়ে সেই গেরো খুলেছে টাইগাররা।
আবুধাবির সুখস্মৃতি শারজায় ফিরিয়ে এনে এবার সিরিজ জিততে চান সাইফ, ‘প্রথম ম্যাচে শুরুটা ভালো করতে পারলে সিরিজ আমাদেরই হবে। দুর্বলতা নিয়ে কাজ করে নিজেদের সামর্থ্য অনুযায়ী যদি খেলতে পারি, যে কোনো দলকে হারাতে পারব আমরা।’
গত দুদিন শারজায় অনুশীলন করেছে দল। শারজার মন্থর উইকেটে আফগান স্পিনারদের সামলানোই হবে বড় চ্যালেঞ্জ। রশিদ খান, মোহাম্মদ নবি, নুর আহমেদ, মোহাম্মদ গজানফরদের সামলানোর প্রস্তুতি নিয়ে সাইফ বলেছেন, ‘আফগানিস্তান দলে অনেক রহস্য-স্পিনার আছে। এজন্য অনুশীলনে আমরা সব ধরনের শট ও ব্যাটিং কৌশল বারবার ঝালিয়ে নিচ্ছি। নতুন ও পুরোনো বল সামলানোর প্রস্তুতি আলাদাভাবে নিচ্ছি। এটা অবশ্যই সহায়ক হবে। ব্যক্তিগতভাবে আমার কাজ পারফর্ম করা। এশিয়া কাপে তা করেছি, আফগানিস্তানের বিপক্ষেও করতে চাই। এখন আমি আরও পরিণত। চেষ্টা থাকবে আরও বেশি অবদান রাখার।’
