Logo
Logo
×

খেলা

বাংলাদেশ আর পাক অধিনায়ক ‘বেস্ট ফ্রেন্ড’, বলল আইসিসি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১১:৩২ এএম

বাংলাদেশ আর পাক অধিনায়ক ‘বেস্ট ফ্রেন্ড’, বলল আইসিসি

আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপের এবারের আসরে আজ যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশের। প্রথম ম্যাচে দলের প্রতিপক্ষ পাকিস্তান। তবে এই ম্যাচের আগে আইসিসি তুলে আনল ম্যাচের এক অভিনব দিক। দুই দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আর ফাতিমা সানা এক সময় সতীর্থও ছিলেন। সেই তাদেরকে একে অন্যের ‘বেস্ট ফ্রেন্ড’ আখ্যাও দেওয়া হলো আইসিসির সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ফাতিমা সানার সঙ্গে জ্যোতির বন্ধুত্ব অনেক দিনের। ২০২৩ সালে ফেয়ারব্রেক টুর্নামেন্টে একই দলে খেলে দুজনের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। জ্যোতি বলেছেন, ‘আমরা খুব ভালো বন্ধু। একসঙ্গে খেললে অনেক কথা হয়, অনেক মজা হয়।’

ফাতিমাও জানিয়েছেন, ‘আমাদের মধ্যে মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকে। কিন্তু মাঠের বাইরে আমরা ভালো বন্ধু। সে আমাকে ব্যাটিং নিয়ে পরামর্শ দেয়, আত্মবিশ্বাস দেয়।’

তবে এই ফাতিমার দলের কাছে হেরেই রীতিমতো অস্তিত্বের সঙ্কটে পড়ে গিয়েছিল বাংলাদেশ। কোয়ালিফায়ার পাকিস্তানের কাছে হেরে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এতটাই হতাশ হয়ে পড়েছিলেন যে দলের সঙ্গীদের থেকেও নিজেকে আড়াল করে রেখেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের দিকে তাকানোর সাহসও ছিল না তার।

কিন্তু ঠিক তখনই এল সুখবর। ফোন করেছিলেন প্রতিপক্ষ অধিনায়ক ফাতিমা সানা। পাকিস্তান অধিনায়ক জানালেন, বাংলাদেশ বিশ্বকাপের টিকিট কেটে ফেলেছে। খবর শুনে প্রথমে বিশ্বাস করতে পারেননি জ্যোতি। পরে ড্রেসিংরুমে ঢুকে সহখেলোয়াড়দের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন তিনি।

জ্যোতি বলেছেন, ‘আমি হোটেলের বারান্দায় হাঁটছিলাম। মনে হচ্ছিল অনেক কিছু করার সুযোগ পেয়েও করতে পারিনি। পাকিস্তানের বিপক্ষে আমি রান করতে পারিনি। অন্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করতে হবে ভেবে আমি ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা দেখিনি। হঠাৎই ফাতিমা ফোন দিয়ে বলল আমরা কোয়ালিফাই করেছি। তারপর আমি বাইরে বের হলাম, সবাই দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। মুহূর্তটা সত্যিই সুন্দর ছিল।’

সেই ফাতিমা আজ আবার প্রতিপক্ষ তার। আজ যখন মাঠে নামবেন, তখন সব বন্ধুত্ব ভুলে যাবেন, জানালেন বাংলাদেশ অধিনায়ক। জ্যোতির ভাষায়, ‘আমি যখন খেলি, তখন ফাতিমা আমার প্রতিপক্ষ। আমি জানি সে আমাকে আউট করার চেষ্টা করবে। কিন্তু খেলা শেষে আমরা আবার বন্ধু হয়ে যাই।’

আগামী বৃহস্পতিবার কলম্বোয় শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ। সেমিফাইনালে উঠতে হলে দুই দলকেই জিততে হবে। তাই বন্ধু হলেও মাঠে লড়াইটা হবে নিঃসন্দেহে কঠিনই হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম