Logo
Logo
×

খেলা

বাবার পথে না হেঁটে শিকড়ে ফিরলেন জিদান-পুত্র

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০৬:১১ পিএম

বাবার পথে না হেঁটে শিকড়ে ফিরলেন জিদান-পুত্র

ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান। ছবি: সংগৃহীত

ফরাসি ফুটবল তারকা জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের আগামী দুটি ম্যাচের জন্য আলজেরিয়া দলে ডাকা হয়েছে।

লেস ব্লুজদের হয়ে ইয়ুথ পর্যায়ে প্রতিনিধিত্ব করার পর গত মাসে লুকা ফ্রান্স থেকে আলজেরিয়ার নাগরিকত্ব লাভ করেন। ২৭ বছর বয়সী এই গোলকিপার বর্তমানে স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাডায় খেলছেন।

ক্যারিয়ারে কখনোই ফ্রান্স জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেননি লুকা। বাবার পারিবারিক সূত্রে আলজেরিয়ার হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন তিনি। 

১৯ পয়েন্ট নিয়ে বাছাইপর্বে গ্রুপ টেবিলের শীর্ষে রয়েছে আলজেরিয়া। আগামী সপ্তাহে সোমালিয়াকে হারাতে পারলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে আলজেরিয়ার। কিন্তু তারপরও দ্বিতীয় স্থানে থাকা উগান্ডার সাথে বাছাইপর্বের শেষ ম্যাচটিও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে।

উত্তর আফ্রিকার দেশটি ২০২৫ আফ্রিকান নেশন্স কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আগামী ২১ ডিসেম্বর থেকে মরক্কোতে শুরু হবে এবারের আফ্রিকান নেশন্স কাপ। 

দুই সপ্তাহ আগে ফিফা লুকার জাতীয় দল পরিবর্তনের অনুমোদন দেয়। জিদান রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন সেখানেও খেলেছেন লুকা। রিয়াল মাদ্রিদের একাডেমিতে তার ফুটবল ক্যারিয়ারের শুরু। পরে খেলেছেন স্পেনের রেসিং সান্তানদের, রায়ো ভায়েকানো ও এসডি এইবারে। 

জিনেদিন জিদানের জন্ম মার্সেইতে হলেও তার পরিবার মূলত আলজেরিয়ার ২৫০ কিলোমিটার পূর্বে ছোট একটি গ্রাম বেয়াইয়া থেকে আসা। সেই সূত্রেই আলজেরিয়ায় জিদানের পূর্বপুরুষের বাস ছিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম