Logo
Logo
×

খেলা

প্রতিশ্রুতি রেখে জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৩:৪৮ পিএম

প্রতিশ্রুতি রেখে জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার। ছবি: সংগৃহীত

জেমিমা রদ্রিগেজের মূল কাজ বাইশ গজেই—ব্যাট হাতে। ভারত নারী দলে মিডলঅর্ডার ব্যাটার হিসেবে অনেক আগেই নিজের জায়গা নিশ্চিত করেছেন তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি গিটারেও সমান দক্ষ জেমিমা। আগেও গিটার বাজিয়ে গান গেয়ে একাধিকবার আলোচনায় এসেছেন। এবার ২৫ বছর বয়সী এই ব্যাটার আবারও আলোচনার কেন্দ্রে।

২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলে জেমিমার সঙ্গে গান গাইবেন—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন সুনীল গাভাস্কার। সামাজিক যোগাযোগমাধ্যমে জেমিমাও নিজের মতামত জানিয়েছিলেন। এরপর থেকেই ভক্তদের অপেক্ষা ছিল, কবে সেই মুহূর্ত আসবে। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটে। গত ২ নভেম্বর দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জেতে ভারত। দুই মাসেরও বেশি সময় পর গাভাস্কার রাখলেন নিজের প্রতিশ্রুতি, সঙ্গে দিলেন চমকও।

শুক্রবার (১০ জানুয়ারি) জেমিমাকে একটি গিটার উপহার দেন গাভাস্কার—যার নকশা ব্যাটের মতোই। কিংবদন্তি ক্রিকেটারের কাছ থেকে এমন উপহার পেয়ে উচ্ছ্বাস চাপিয়ে রাখতে পারেননি জেমিমা। তিনি গাভাস্কারকে মজার ছলে জিজ্ঞেস করেন, এটা দিয়ে গান গাওয়া যাবে নাকি ব্যাট করা যাবে? উত্তরে গাভাস্কার বলেন, ‘দুটোই করা যাবে।’    

এরপরই শুরু হয় গানের পর্ব। গাভাস্কার ও জেমিমা দুজন মিলে গেয়েছেন ‘শোলে’ সিনেমার জনপ্রিয় গান ‘ইয়ে দোস্ত হাম নেহি তোড়েঙ্গে’। গানের তালে গিটার বাজান জেমিমা। ‘শোলে’ ছবিতে অভিনয় করেছিলেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন, আর কালজয়ী এই গানটি গেয়েছিলেন কিশোর কুমার ও মান্না দে। এবার সেই গান শোনা গেল গাভাস্কার ও জেমিমার কণ্ঠে। দুজনের গানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।

এর আগেও একবার একই মঞ্চে দেখা গিয়েছিল গাভাস্কার ও জেমিমাকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারা একসঙ্গে গেয়েছিলেন ‘ক্যায়া হুয়া তেরা ওয়াদা’ গানটি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম