|
ফলো করুন |
|
|---|---|
নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করছিলেন বিরাট কোহলি। নব্বই পার হওয়ার পর মনে হয়েছিল তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেই ফিরবেন। কিন্তু না হলো না। ৯৩ রানে ক্যাচ তুলে দিয়ে ফিরলেন ক্রিকেট ইতিহাসের এই সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
রোববার গুজরাটের বডোদরা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ভারত। প্রথমে ব্যাট করতে নেমে কোনো সেঞ্চুরি ছাড়াই ৮ উইকেটে ৩০০ রান করে কিউইরা। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন ড্যারেল মিচেল। ৬২ রান করেন হেনরি নিকোল। ৫৬ রান করেন ডেভন কনওয়ে।
টার্গেট তাড়া করতে নেমে দলীয় ৩৯ রানে ফেরেন সাবেক অধিনায়ক ওপেনার রোহিত শর্মা। তিনি আউট হওয়ার পর ব্যাট করতে নামেন সাবেক আরেক অধিনায়ক রিবাট কোহলি। তিনি ব্যাটিংয়ে নেমে স্বাচ্ছন্দ্যেই ব্যাটিং করছিলেন। ফিফটির পর সেঞ্চুরির পথেই ছিলেন। কিন্তু সেঞ্চুরির ঠিক দোর গোড়ায় গিয়ে হোঁচট খান কোহলি।
৩৯.১ ওভারে দলীয় ২৩৪ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন কোহলি। তার আগে ৯১ বলে ৮টি চার আর এক ছক্কায় ৯৩ রান করে ফেরেন এই তারকা ব্যাটসম্যান।
এদিন সেঞ্চুরি না পেলেও দুটি রেকর্ড গড়েছেন কোহলি। ২৫ রান করার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বিরাট। এখন পর্যন্ত ৬২৪ ইনিংসে তার সংগ্রহ ২৮ হাজার ৬৮ রান। রান সংগ্রহে শচীন টেন্ডুলকার ও কুমার সাঙ্গাকারার পরেই আছেন কোহলি।
এদিন ৯৩ রান করার মধ্য দিয়ে শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যান কোহলি। ৩৪ ম্যাচে কিউইদের বিপক্ষে কোহলির সংগ্রহ ১ হাজার ৭৫০ রান।
তবে আজ আর মাত্র ৭ রান করতে পারলে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়তে পারতেন কোহলি। কিউইদের বিপক্ষে এখন পর্যন্ত ৬টি করে ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়েছেন কোহলি, বীরেন্দ্র শেবাগ ও রিকি পন্টিং।
