ভারত-পাকিস্তান ম্যাচ আমি দেখতে চাই: অশ্বিন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৫ এএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশকে ভেন্যু পরিবর্তন করে শ্রীলংকায় খেলতে দেয়নি আইসিসি। উল্টো এই দাবি তোলায় বিশ্বকাপ থেকেই বাংলাদেশকে বাদ দিয়ে দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা (আইসিসি)।
বাংলাদেশের দাবিকে সমর্থন করে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দিয়েছে পাকিস্তান। তবে পাকিস্তান এই ঘোষণা থেকে ফিরে আসবে বলে মনে করছেন ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।
নিজের ইউটিউব চ্যানেলে রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, ‘ম্যাচটা (ভারত-পাকিস্তান) শতভাগ হবে। আমার মনে হয়, আগামী চার-পাঁচ দিনের মধ্যে পাকিস্তান (নিজেদের অবস্থান থেকে) পিছু হটবে। আমিও এই ম্যাচটা দেখতে চাই।’
অশ্বিন আরও বলেন, ‘তারা (পাকিস্তান) আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। সম্প্রচারকদের অনেক অর্থের ক্ষতি হবে, তাই সমঝোতা হতেই হবে। (আইসিসির) সব সদস্যরা ক্ষতিগ্রস্ত হবে এবং তারা আইসিসির সভায় বলবে যে, পাকিস্তানের কারণে আমরা এই ক্ষতির সম্মুখীন হচ্ছি। পিএসএলে খেলোয়াড়দের এনওসি না-ও দেওয়া হতে পারে।’
আইসিসির রাজস্ব কমে যাওয়া মানে সদস্য সব দেশের আয়ও কমে যাওয়া। বেশিরভাগ দেশের ক্রিকেট বোর্ডের মোট আয়ের একটি বড় অংশ আইসিসি থেকেই আসে।
