Logo
Logo
×

খেলা

আইসিসির নতুন র‌্যাঙ্কিং প্রকাশ

ভারত শীর্ষে, পাকিস্তান-বাংলাদেশের অবস্থান কত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৭ পিএম

ভারত শীর্ষে, পাকিস্তান-বাংলাদেশের অবস্থান কত

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলের হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন তালিকায় শীর্ষে রয়েছে ভারত, আর বিশ্বকাপে সুযোগ পাওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে নিচে অবস্থান ইতালির।

হালনাগাদ র্যাঙ্কিংয়ে ২৭৩ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে ভারত। ২৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া এবং ২৫৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইংল্যান্ড। চার ও পাঁচ নম্বরে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড (২৫১) ও দক্ষিণ আফ্রিকা (২৪১)।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক সিরিজে ৩-০ ব্যবধানে জয়ের পর এক ধাপ এগিয়েছে পাকিস্তান। ২৩৮ রেটিং পয়েন্ট নিয়ে তারা এখন ষষ্ঠ স্থানে। ফলে ২৩৪ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ নেমে গেছে সপ্তম স্থানে। অষ্টম স্থানে থাকা শ্রীলঙ্কার রেটিং ২২৭।

বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে দলটি নবম স্থানেই রয়েছে। নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কারণে বাংলাদেশের জায়গায় সুযোগ পেয়েছে স্কটল্যান্ড, যারা র্যাঙ্কিংয়ে আছে ১৪ নম্বরে। ২৭ নম্বরে থাকা ইতালিও প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে।

র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা অন্য দলগুলো হলো আফগানিস্তান (১০ম), আয়ারল্যান্ড (১১তম) ও জিম্বাবুয়ে (১২তম)। এছাড়া নেদারল্যান্ডস, নামিবিয়া, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কানাডা ও ওমানও বিশ্বকাপে অংশ নেবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম