‘ভারত-পাকিস্তান ম্যাচ পুরো বিশ্ব উপভোগ করে’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ দল ভারতে খেলতে না যাওয়ার কারণে স্কটল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান।
সেই কারণেই টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। তবে নকআউট পর্বে প্রতিপক্ষ ভারত হল পাকিস্তান কী করবে?
এ বিষয়ে ‘মি. ক্রিকেট ইউএই’ পডকাস্টে অস্ট্রেলিয়ান সাবেক তারকা ব্রেট লি বলেছেন, ‘খেলার মাঠ থেকে রাজনীতি দূরে রাখা উচিত। আমি সত্যিই আশা করি ম্যাচটি হবে। ভারত ও পাকিস্তান খেললে পুরো বিশ্ব তা উপভোগ করে।’
বিশ্বকাপকে ঘিরে শুরু থেকেই ভূরাজনৈতিক উত্তেজনা প্রভাব ফেলছে। নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ভারতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি।
এ বিষয়ে আইসিসি জানায়, স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন প্রতিবেদনে ভারতে ম্যাচ আয়োজন নিয়ে কোনো ঝুঁকি পাওয়া যায়নি। পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের সমর্থনে শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর প্রস্তাবও প্রত্যাখ্যান করে আইসিসি, কারণ এত দেরিতে সূচি পরিবর্তন সম্ভব নয় বলে জানানো হয়।
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বুধবার বলেন, ‘খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। বাংলাদেশের প্রতি সংহতি জানাতেই আমরা ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছি। এটি ভেবেচিন্তে নেওয়া একটি অবস্থান।’
এদিকে, নকআউট পর্বে পাকিস্তান যদি ভারতের মুখোমুখি হয়, সে ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেওয়া হবে, এ বিষয়ে এখনো পাকিস্তান ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
