Logo
Logo
×

খেলা

‘সম্মানের জন্যই খেলে আসছি, সেই সম্মান ফেরত চাই’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০১:৫৩ পিএম

‘সম্মানের জন্যই খেলে আসছি, সেই সম্মান ফেরত চাই’

বিসিএল ফাইনালের দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন এনামুল হক বিজয়। মাঠে দাঁড়িয়ে সতীর্থদের খেলা দেখলেও নিজের খেলার সুযোগ না পেয়ে তিনি আক্ষেপ প্রকাশ করেছেন। স্টেডিয়াম ত্যাগ করার আগে বিজয় স্পষ্ট জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার সম্মান ফেরত দিচ্ছে না, ততক্ষণ তিনি ক্রিকেটে ফিরবেন না।

২০২৫ সালের বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলেছিলেন বিজয়। দলের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করলেও টুর্নামেন্টের মাঝপথে তাকে নেতৃত্ব থেকে সরানো হয়। পরে কিছু ক্রিকেটার ও কর্মকর্তার বিরুদ্ধে ফিক্সিং অভিযোগ ওঠে। বিসিবির দুর্নীতি দমন বিভাগের পরামর্শক অ্যালেক্স মার্শালের পরামর্শে ৯ জন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। যাদের মধ্যে বিজয়, মোসাদ্দেক হোসেন, আলাউদ্দিন বাবু ও সানজামুল ইসলাম ছিলেন। এর প্রভাবেই তারা সাম্প্রতিক বিপিএলে অংশগ্রহণ করতে পারেননি।

অভিযোগ থাকা সত্ত্বেও ঘরোয়া অন্যান্য টুর্নামেন্টে খেলায় বাধা নেই, কিন্তু অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে বিজয় সুযোগ পাননি। সর্বশেষ বিসিএলের স্কোয়াডে থাকা সত্ত্বেও খেলেননি। বিজয় এই দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করেছেন।

তিনি বলেন, ‘এক টুর্নামেন্টে খেলতে দেবেন, আরেকটিতে দেবেন না—এভাবে চলতে পারে না। আমি পেশাদার ক্রিকেটার, দীর্ঘ ১০-১২ বছর ধরে খেলছি, ৫১টি সেঞ্চুরি করেছি, অধিনায়কত্ব করেছি। আমাকে যা ইচ্ছা তাই বলা যাবে না। বিষয়টি এত দীর্ঘ হওয়া উচিত নয়।’

অভিযোগের পর ফেসবুক লাইভে বিসিবিকে চ্যালেঞ্জও জানিয়েছিলেন বিজয়। প্রমাণ থাকলে আজীবন বহিষ্কার দাবি করেছিলেন। কিন্তু দুই বছর পেরিয়েও কোনো প্রমাণ আসেনি।

তিনি বলেন, ‘যদি কেউ অপরাধ করে থাকে, এক-দুই সপ্তাহে বের হওয়া উচিত। দুই বছর ধরে কিছু বের করা যায়নি, মানে আমি কিছু করি নি। প্রমাণ দেখাতে পারলে আমি আর খেলব না।’

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আগের আসরে শুরুতে দল পাননি, পরে খেললেও কম পারিশ্রমিকে খেলেছেন। তিনি আর এমন পরিস্থিতি চাইছেন না।

বিজয় বলেছেন, ‘বিসিবি যতক্ষণ পর্যন্ত স্পষ্টভাবে ঘোষণা করছে না যে আমি অপরাধী নই, আমার বকেয়া অর্থ পরিশোধ হচ্ছে না এবং সন্দেহের তালিকা থেকে নাম কাটা হচ্ছে না, ততক্ষণ আমি খেলব না। আমার ক্রিকেট খেলায় মূল লক্ষ্য সম্মান, টাকা নয়।’

বিসিবি সভাপতিবৃন্দের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন বিজয়, তবে প্রেসিডেন্টের কোনো সাড়া পাননি। হতাশ বিজয় বলেন, ‘বুলবুল ভাইকে ফোন পাইনি, এসএমএস করেছি কিন্তু রিপ্লাই নেই। ফারুক ভাই ও মিঠু ভাই শুধু বলেছেন, ‘দেখছি, হয়ে যাবে ইনশাআল্লাহ’। এখন সব আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম