Logo
Logo
×

খেলা

বাংলাদেশের বিপক্ষে বাবরকে খেলানো প্রসঙ্গে যা বললেন শেহজাদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০২:১০ পিএম

বাংলাদেশের বিপক্ষে বাবরকে খেলানো প্রসঙ্গে যা বললেন শেহজাদ

পাকিস্তান ক্রিকেটে বাবর আজমকে ঘিরে বিতর্ক যেন চলছেই। এর মধ্যেই দলটির সাবেক ওপেনার আহমেদ শেহজাদ স্পষ্টভাবে বাবরের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি সমালোচকদের উদ্দেশে সরাসরি কড়া বার্তা দিয়েছেন।

জিও নিউজের এক অনুষ্ঠানে শেহজাদ বলেন, ‘২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে। বাবরকে হেয় করবেন না এবং সব সমস্যার দায় শুধু তার ওপর চাপাবেন না। সব ভুল বাবরের কারণে হয়নি।’

তিনি আরও বলেন, পাকিস্তানের ওয়ানডে দলে বাবরের গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করা যাবে না। শেহজাদের ভাষ্য, ‘বাবর পাকিস্তানের সেরা ওয়ানডে ব্যাটসম্যান। বাংলাদেশের বিপক্ষে তাকে বাদ দেবেন না। ওয়ানডে সিরিজ তো জেতার জন্যই, বাংলাদেশে বাবর না থাকলে জেতা কঠিন হবে। ওয়ানডেতে বাবরই পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং সবচেয়ে বেশি রান করে।’

বাংলাদেশ সফরের জটিল কন্ডিশন ও অভিজ্ঞতার গুরুত্ব নিয়েও তিনি মন্তব্য করেন, ‘বাংলাদেশ ভালো দল এবং তারা চ্যালেঞ্জ দেবে। সেখানে দলের অভিজ্ঞ খেলোয়াড় প্রয়োজন, যিনি এক প্রান্ত ধরে রাখতে পারবেন এবং আগেও বাংলাদেশে ভালো পারফরম্যান্স করেছেন। তাই বাবরের বাংলাদেশ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

শেহজাদ মনে করেন এই সিরিজ বাবরকে ফর্মে ফিরতে সহায়তা করবে, ‘বাবর ফর্মে নেই এবং দীর্ঘদিন ধরে ওয়ানডে খেলছেন না। এই সিরিজ তাকে আবারও ফর্মে ফিরতে সাহায্য করবে। বাংলাদেশের বিপক্ষে হারা চলবে না। তাই বাবরকে অবশ্যই দলে নেওয়া উচিত।’

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ১১, ১৩ ও ১৫ মার্চ। সবগুলো ম্যাচই মিরপুরের মাঠে দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম