Logo
Logo
×

খেলা

২০২৮ বিশ্বকাপেও খেলতে চান ম্যাক্সওয়েল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৪:১৩ পিএম

২০২৮ বিশ্বকাপেও খেলতে চান ম্যাক্সওয়েল

অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল জানিয়েছেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার বিষয়ে তিনি এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৮ অলিম্পিকেও খেলার ইচ্ছা আছে তার।

বর্তমানে ৩৭ বছর বয়সী ম্যাক্সওয়েলের বয়স ২০২৮ সালে হবে ৪০। সে বছর তার দেশ অস্ট্রেলিয়াতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা রয়েছে। তার কয়েক মাস আগে লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক অনুষ্ঠিত হবে, যেখানে দীর্ঘ বিরতির পর ক্রিকেট অন্তর্ভুক্ত হতে যাচ্ছে।

ইতোমধ্যে মেলবোর্ন স্টার্সের সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেছেন ম্যাক্সওয়েল। ফলে অন্তত ২০২৮ সাল পর্যন্ত তিনি বিগ ব্যাশ লিগেও খেলা চালিয়ে যাবেন। এছাড়া চলতি বছরে পাকিস্তান সুপার লিগ, মেজর লিগ ক্রিকেট এবং ইউরোপের একটি নতুন টি-টোয়েন্টি লিগেও অংশ নেওয়ার কথা রয়েছে তার। ওই নতুন লিগের একটি ফ্র্যাঞ্চাইজির সহ-মালিকও তিনি।

তবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার গ্রুপ পর্ব থেকেই বিদায় এবং ম্যাক্সওয়েলের ফর্মে ধারাবাহিক ব্যর্থতা তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা তৈরি করেছে। সাবেক অধিনায়ক রিকি পন্টিং মনে করেন, ২০২৮ সালের বিশ্বকাপে হয়ত অস্ট্রেলিয়া দলে দেখা নাও যেতে পারে ম্যাক্সওয়েলকে।

ম্যাক্সওয়েল ইতোমধ্যে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। সামনে ২০২৭ সালের আগস্ট পর্যন্ত অস্ট্রেলিয়ার মাত্র আটটি দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে, তাই এখনই অবসরের ঘোষণা দেওয়ার তাড়াহুড়ো দেখছেন না তিনি। তার ভাষায়, আগামী এক বছরে নিজের শারীরিক অবস্থা ও পারফরম্যান্স বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন।

সাম্প্রতিক বিশ্বকাপে তিন ইনিংসে তিনি করেছেন ৯, ৩১ ও ২২ রান; স্ট্রাইক রেট ছিল ১১০.৭১। গত অক্টোবর থেকে ১২টি টি-টোয়েন্টি ইনিংসে তার গড় মাত্র ১৫.৫৫। তবুও আত্মবিশ্বাস হারাননি এই তারকা অলরাউন্ডার। তার বিশ্বাস, এখনো দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখার সামর্থ্য তার আছে।

আগামী জুনে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এশিয়া সফরে আসবে অস্ট্রেলিয়া। পাশাপাশি একটি ওয়ানডে সিরিজও রয়েছে, যা ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম