Logo
Logo
×
   

খেলা

আমরা এভাবেই লড়ে যাবো: এনজো

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৪:৩২ এএম

আমরা এভাবেই লড়ে যাবো: এনজো

আর্জেন্টিনার ডিফেন্সিভ মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে এখন আর্জেন্টিনা। মিশরের বিপক্ষে ০-২ গোলে পিছিয়ে পড়ার পর ১৩ মিনিটের মধ্যে তিন গোল দিয়ে নির্ধারিত সময়েই ম্যাচ জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ৩-২ ব্যবধানের ঘাম ঝরানো জয়ের পর দলের ডিফেন্সিভ মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ বলেছেন তারা এভাবেই লড়ে যাবেন।

ম্যাচ শেষে সম্প্রচার চ্যানেলকে এনজো বলেন, ‘কাতার বিশ্বকাপের প্রায় ৪ বছর পর এই ধরনের মুহূর্তগুলো উপভোগ করতে পারা... সত্যি বলতে আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। আমি নিজেকে ভাগ্যবান মনে করি এবং সব গৌরব তারই। পাশাপাশি আমার সতীর্থদের কথাও আলাদাভাবে বলতে চাই- আমাদের একটি অসাধারণ দল আছে। এমন একটি দল যা কখনো হার মানে না; যত কঠিন পরিস্থিতি বা প্রতিকূলতাই আসুক না কেন, আমরা সবসময় একসঙ্গে থাকি।’ 

এনজো আরও বলেন ‘তাই আমার সতীর্থ, কোচিং স্টাফ এবং এখানে যারা আমাদের সমর্থন জোগাচ্ছেন, সবাইকে ধন্যবাদ। আর্জেন্টিনার মাটিতে থাকা সব আর্জেন্টাইনকেও ধন্যবাদ। আর হ্যাঁ, আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম।’  

দল যখন ২-২ সমতায়, যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটেই জয়সূচক গোলটি করেন এনজো। বাকি সময়ে সেই গোলের লিড ধরে রেখেই মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা। এনজো বিশ্বকাপটা উপভোগ করছেন বলেই জানালেন, ‘বিশ্বকাপে এমন সুন্দর গোল করার ব্যাপারটা... আসলে মাঝেমধ্যে সতীর্থদের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়। সত্যি বলতে, আমার সতীর্থরা অসাধারণ, তাদের খেলার মান দুর্দান্ত। আর ডিবক্সের কাছাকাছি যখনই ফাঁকা জায়গা বা সুযোগ তৈরি হয়, সেটার সঠিক ব্যবহার করতে হয়। আজ মনে হয় একদম শেষ মিনিটে আমি সেই সুযোগটা পেয়েছিলাম।’

আর্জেন্টিনার এ মিদফিলদার বলেন, ‘হ্যাঁ, কাতার বিশ্বকাপের পর ৪ বছর কেটে গেছে। আমরা এখানে এসেছি আরও একটি বিশ্বকাপ উপভোগ করতে, আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে এবং আবারও এটি জিততে। কারণ দিনশেষে ফুটবল পেছনের সবকিছু ভুলে যায়। তাই আমরা নতুন লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছি। আমরা এভাবেই লড়ে যাবো।’ 

শেষ আটে আর্জেন্টিনা পাবে কলম্বিয়া বনাম সুইজারল্যান্ডের মধ্যকার জয়ী দলকে। মেসিদের সেমিফাইনালে ওঠার লড়াই আগামী ১২ জুলাই, বাংলাদেশ সময় সকাল ৭টায়।

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম