Logo
Logo
×
   

খেলা

সেমির আগে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ৮ দলের ১৭ ফুটবলার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১১:৫৮ এএম

সেমির আগে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ৮ দলের ১৭ ফুটবলার

সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে ইংল্যান্ড। সংগৃহীত ছবি

বিশ্বকাপের শেষ আট নিশ্চিত করা সব কয়টি দলই আছে মহা দুশ্চিন্তায়। সেমিফাইনালের পথে থাকা দলগুলোর নির্দিষ্ট এই ১৭ ফুটবলার আরেকবার ভুল করলে বেঞ্চে বসেই দেখতে হবে সেমিফাইনালের লড়াই।

ওই ১৭ জন ফুটবলার এমন অবস্থায় আছেন যে কোয়ার্টার ফাইনালে আর একটি হলুদ কার্ড দেখলেই সেমিফাইনালে খেলতে পারবেন না।

ফিফার বর্তমান নিয়ম অনুযায়ী, নকআউট পর্বের রাউন্ড অব ৩২ থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কোনো খেলোয়াড় দুটি হলুদ কার্ড দেখলে তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হবে। অর্থাৎ কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় হলুদ কার্ড পেলে সেমিফাইনাল থেকে ছিটকে পড়বেন ওই খেলোয়াড়। তবে সেমিফাইনাল শুরুর আগে হলুদ কার্ডের হিসাব আবার নতুন করে শুরু হবে।

নিষেধাজ্ঞায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ইংল্যান্ড ও মরক্কো। ইংল্যান্ডের ডেকলান রাইস, নিকো ও'রাইলি, মার্ক গেহি এবং জুড বেলিংহ্যাম একটি করে হলুদ কার্ড নিয়ে কোয়ার্টার ফাইনালে নামছেন। মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি, ইসা দিয়েপ, রেদুয়ান হালহাল এবং বিলাল এল খান্নুসও একই পরিস্থিতিতে রয়েছেন।

ফ্রান্সের মাইকেল ওলিসে ও মানু কোনে, সুইজারল্যান্ডের গ্রানিত জাকা, ডেনিস জাকারিয়া ও মিরো মুইহাইম। আর্জেন্টিনার গনসালো মন্তিয়েল, স্পেনের ফেরান তোরেস, নরওয়ের আন্তোনিও নুসা এবং বেলজিয়ামের ব্র্যান্ডন মেখেলেও নিষেধাজ্ঞার ঝুঁকিতে রয়েছেন।

তবে ইংল্যান্ডের জ্যারেল কোয়ানসাহ লাল কার্ড পাওয়ায় কোয়ার্টার ফাইনালেই খেলতে পারবেন না। ফ্রান্স ইতোমধ্যে ওলিসের হলুদ কার্ডের বিরুদ্ধে ফিফার কাছে আপিল করেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম