Logo
Logo
×
   

খেলা

৩ ম্যাচে ৮ হলুদ কার্ড দেওয়া আলোচিত সেই রেফারি আর্জেন্টিনা ম্যাচের দায়িত্বে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০১:০৪ পিএম

৩ ম্যাচে ৮ হলুদ কার্ড দেওয়া আলোচিত সেই রেফারি আর্জেন্টিনা ম্যাচের দায়িত্বে

ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বুধবার (১৫ জুলাই)  রাত ১টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। গুরুত্বপূর্ণ এ লড়াই পরিচালনার দায়িত্ব পেয়েছেন মরক্কোয় জন্ম নেওয়া মার্কিন রেফারি ইসমাইল এলফাথ। আন্তর্জাতিক ফুটবলে অভিজ্ঞ এ ৪৪ বছর বয়সি রেফারি চলতি বিশ্বকাপে ইতোমধ্যে তিনটি ম্যাচ পরিচালনা করেছেন।

অভিজ্ঞতার পাশাপাশি বিতর্কিত কিছু সিদ্ধান্তের কারণেও আলোচনায় ছিলেন তিনি। আর্জেন্টিনার জন্যও এলফাথ অপরিচিত নন; ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে তিনি চতুর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। খবর আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস-এর।

চলতি আসরে এলফাথ নেদারল্যান্ডস-জাপান, স্পেন-উরুগুয়ে এবং ব্রাজিল-নরওয়ের ম্যাচে দায়িত্ব পালন করেন। এই তিন ম্যাচে তিনি আটটি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখিয়েছেন। লাল কার্ডটি পান উরুগুয়ের আগুস্তিন কানোব্বিও, স্পেনের পাও কুবার্সির ওপর করা বিপজ্জনক ট্যাকলের কারণে। ওই সিদ্ধান্ত উরুগুয়ের বিদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তবে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েন স্পেন-উরুগুয়ে ম্যাচের পর। স্প্যানিশ সংবাদমাধ্যমের অভিযোগ ছিল, ম্যাচের শুরু থেকেই তিনি খেলাটি যথাযথভাবে নিয়ন্ত্রণে রাখতে পারেননি এবং অতিরিক্ত শারীরিক সংঘর্ষের সুযোগ দিয়েছেন। বিশেষ করে রদ্রিগো বেনতানকুরের কঠোর ট্যাকলে ইনাকি উইলিয়ামস আহত হয়ে কয়েকটি ম্যাচের জন্য ছিটকে গেলেও এলফাথ শুধু হলুদ কার্ড দেখান, যা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।

ব্রাজিল-নরওয়ে ম্যাচেও তার একটি সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ হয়। নরওয়ের ক্রিস্টোফার আজারের চ্যালেঞ্জে ম্যাথেউস কুনহা পড়ে গেলেও প্রথমে পেনাল্টি দেননি এলফাথ। পরে ভিএআরের পরামর্শে তিনি সিদ্ধান্ত বদলান। যদিও সেই স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন ব্রুনো গিমারায়েস। পরবর্তীতে আরেকটি পেনাল্টি থেকে নেইমার গোল করলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি ব্রাজিল। ম্যাচ শেষে মাঠে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিরও সৃষ্টি হয়।

মরক্কোর কাসাব্লাঙ্কায় জন্ম নেওয়া এলফাথ ১৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ে (অস্টিন) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে যান। ফুটবলার হিসেবে শুরু করলেও পরবর্তীতে রেফারিংকেই পেশা হিসেবে বেছে নেন। ২০০১ সালে ডাইভারসিটি ভিসা (ডিভি) কর্মসূচির মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন।

২০১৬ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় থাকা এলফাথ দীর্ঘদিন ধরে মেজর লিগ সকারে (এমএলএস) ম্যাচ পরিচালনা করছেন। ফলে লিওনেল মেসির সঙ্গেও তার একাধিকবার পেশাগতভাবে কাজ করার সুযোগ হয়েছে। ২০২৩ সালের লিগস কাপের ফাইনালে ইন্টার মিয়ামি ও ন্যাশভিলের মধ্যকার ম্যাচেও তিনিই ছিলেন প্রধান রেফারি। সেই ম্যাচে টাইব্রেকারে জিতে শিরোপা জেতে মেসির ইন্টার মিয়ামি।

বিশ্বকাপের পাশাপাশি কোপা আমেরিকা, গোল্ড কাপ, অলিম্পিক গেমস, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং ক্লাব বিশ্বকাপেও ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এলফাথের। টোকিও ২০২০ অলিম্পিকে আর্জেন্টিনার একটি ম্যাচও তিনি পরিচালনা করেছিলেন। সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয় এবং জয় না পাওয়ায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় আর্জেন্টিনা। বর্তমান দলের ফাকুন্দো মেদিনা ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ওই ম্যাচে শুরুর একাদশে ছিলেন।

এটি এলফাথের দ্বিতীয় বিশ্বকাপ। কাতার ২০২২ আসরে তিনি পর্তুগাল-ঘানা, ক্যামেরুন-ব্রাজিল এবং জাপান-ক্রোয়েশিয়ার শেষ ষোলোর ম্যাচ পরিচালনা করেছিলেন। আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন যুক্তরাষ্ট্রের কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস। আর চতুর্থ কর্মকর্তা হিসেবে থাকবেন ইতালির মাউরিজিও মারিয়ানি।

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .