Logo
Logo
×
   

খেলা

বিশ্বকাপ থেকে ‘মদ হাতে র‍্যাকুন’ নিয়ে দেশে ফিরলেন হালান্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৩:৫৮ পিএম

বিশ্বকাপ থেকে ‘মদ হাতে র‍্যাকুন’ নিয়ে দেশে ফিরলেন হালান্ড

দলের বিদায়ের পরও আলোচনার কেন্দ্রবিন্দুতে আরলিং হালান্ড।

ইংল্যান্ডের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে নরওয়ের। তবে দলের বিদায়ের পরও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তারকা স্ট্রাইকার আরলিং হালান্ড। এবার অবশ্য মাঠের পারফরম্যান্স নয়, বরং একটি ব্যতিক্রমী ঘটনার কারণে তিনি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন।

বিশ্বকাপ শেষে সোমবার নরওয়ে দলের বহনকারী বিমান ওসলোতে পৌঁছায়। বিমান থেকে নামার সময় হালান্ডের হাতে দেখা যায় বোতলধরা একটি নকল রাকুন। অদ্ভুত এই বস্তুটি মুহূর্তেই সবার নজর কাড়ে এবং এর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

পরে নিজের সামাজিক মাধ্যমেও রাকুনটির ছবি পোস্ট করেন হালান্ড। সেখানে মজার ছলে তিনি লেখেন, “এটা আমাকে অনুসরণ করে বাড়ি পর্যন্ত চলে এসেছে,” সঙ্গে যোগ করেন হাসির ইমোজি।

পরে জানা যায়, এটি কোনো বাস্তব প্রাণী নয়; যুক্তরাষ্ট্রের ডালাসের ওয়াইল্ড বিল’স ওয়েস্টার্ন স্টোর থেকে কেনা একটি স্মারক পণ্য। বোতল হাতে থাকা এই নকল রাকুনটির দাম ৭৫০ মার্কিন ডলার। এর হাতে থাকা বোতলটি ‘রাকুন হুইস্কি’র আদলে তৈরি।    

হালান্ডের কেনাকাটার খবর প্রকাশ্যে আসার পর পণ্যটি দ্রুত বিক্রি হয়ে যায়। নরওয়ের সবচেয়ে জনপ্রিয় ফুটবলারদের একজনের সঙ্গে নিজেদের পণ্যের নাম জড়িয়ে যাওয়ায় বিষয়টি প্রচারণার অংশ হিসেবেও ব্যবহার করেছে সংশ্লিষ্ট দোকান।

মাঠের পারফরম্যান্সেও এই বিশ্বকাপে উজ্জ্বল ছিলেন হালান্ড। সাত গোল করে নরওয়েকে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। যদিও শেষ আটের ম্যাচে অতিরিক্ত সময়ে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয় দলকে। তবু এই আসরে নরওয়ের অর্জন দেশটির বিশ্বকাপ ইতিহাসের সেরা সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

রাকুনের পাশাপাশি আলোচনায় এসেছে হালান্ডের ফ্যাশন রুচিও। বিমানবন্দরে তার হাতে দেখা গেছে ডলচে অ্যান্ড গাবানার একটি বিলাসবহুল হ্যান্ডব্যাগ। এর আগে হার্মেস বারকিন ব্যাগের সংগ্রহ নিয়েও একাধিকবার আলোচনায় এসেছেন এই ম্যানচেস্টার সিটি তারকা।

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .