গোল করে কেন ‘এম’ দেখিয়ে উদযাপন করেন ওইয়েরজাবাল?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৪:৫৭ এএম
গোলের পর ওইয়েরজাবালের উদযাপন/সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মঙ্গলবার রাতে ডালাসে বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছে স্পেন। ১৬ বছর পর চলে গেছে বিশ্বকাপ ফাইনালে। এই ম্যাচের প্রথম গোল আসে মিকেল ওইয়েরজাবালের পা থেকে। গোল করার পর তিনি হাত দিয়ে ‘এম’ অক্ষরটি তৈরি করে উদযাপন করেন।
এই উদযাপনের পরই প্রশ্ন উঠছে, তার এই ইশারার অর্থ কী? কাকে উৎসর্গ করেন। ওগ্লোবো জানাচ্ছে, এই ইশারা ছিল তার তিন বছর বয়সী ছেলে মার্তিনের নামে।
২৯ বছর বয়সী এই খেলোয়াড় শিগগিরই আরেকটি সন্তানের বাবা হতে চলেছেন। তার স্ত্রী আইনোয়া লারাউরি অন্তঃসত্ত্বা। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত এই বিশ্বকাপ চলাকালীনই তারা এই খবর জানিয়েছিলেন।
এখন পর্যন্ত এই বিশ্বকাপে স্পেনের সর্বোচ্চ গোলদাতা ওইয়েরজাবাল। রিয়াল সোসিয়েদাদের এই খেলোয়াড় সাত ম্যাচে পাঁচটি গোল করেছেন।
২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই রিয়াল সোসিয়েদাদ তারকা। জার্মানির বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের জয় নিশ্চিত করা গোলটি তিনিই করেছিলেন।
স্পেনের যুব একাডেমিতে দীর্ঘদিন কাটানো ওইয়েরজাবাল ২০২২ বিশ্বকাপের প্রস্তুতি চক্রে অনেকটা সময় কাটিয়েছিলেন। কিন্তু গুরুতর হাঁটুর চোটের কারণে লুইস এনরিকের চূড়ান্ত দলে জায়গা পাননি তিনি। লুইস দে লা ফুয়েন্তে দায়িত্ব নেওয়ার পর প্রথম ডাকেই আবার দলে ফেরেন তিনি।
এরপর থেকে কখনো শুরুর একাদশে, কখনো বদলি হিসেবে খেলেছেন এই স্ট্রাইকার। ২০২৪ ইউরোর ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে নেমে স্পেনকে চতুর্থ শিরোপা জেতানো গোলটি করেন তিনি। এই ম্যাচই তার জাতীয় দলের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। ইউরোর মতোই ২০২৫ সালের নেশন্স লিগের ফাইনালেও গোল করে স্পেনের হয়ে বড় ভূমিকা রাখেন তিনি। এবার বিশ্বকাপে ৫ গোল করে তিনি দলকে তুলেছেন ফাইনালে।
