Logo
Logo
×
   

খেলা

এবার ম্যাচ হেরে রেফারি নিয়ে ক্ষোভ ঝাড়লেন ফ্রান্স কোচ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৫:১৭ এএম

এবার ম্যাচ হেরে রেফারি নিয়ে ক্ষোভ ঝাড়লেন ফ্রান্স কোচ

ম্যাচের শুরুর দিকেই পেনাল্টিতে গোল হজম করে পিছিয়ে পড়ল ফ্রান্স। এরপর যেন আর দিশা খুঁজে পেল না বর্তমান রানার্স আপরা। দ্বিতীয়ার্ধে আরও এক গোল করে তাদের বিদায় করে দিল স্পেন। আর ম্যাচ শেষে রেফারির মান নিয়ে প্রশ্ন তুললেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ।

ডালাস স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরেছে ফ্রান্স। ম্যাচে বলতে গেলে স্পেনের সামনে পাত্তাই পায়নি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মিডফিল্ডের পূর্ণ দখল নিজেদের কাছে রেখে ফ্রান্সকে নিয়ে রীতিমতো ছেলেখেলাই করেছে স্পেন।

ম্যাচ শেষে তাই নিজেদের ব্যর্থতা মেনে নেন দেশঁ। তবে অনেক কথার ভিড়ে ৩৫ বছর বয়সি ম্যাচ রেফারি ইভান বার্টনের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন ফ্রান্সের কোচ। তার মতে, এত বড় ম্যাচ পরিচালনার জন্য উপযুক্ত ছিলেন না এল সালভাদরের এই রেফারি। 

দেশঁ বলেন, রেফারিং নিয়ে... আমাদের হারের পর যদি আমি কিছু বলি, তবে আমাকে ক্রাই বেবি মনে হবে। কিন্তু আমি আপনাদের জিজ্ঞাসা করছি, এই রেফারি কি একটি সেমি ফাইনাল পরিচালনার জন্য উপযুক্ত ছিলেন? চতুর্থ ও পঞ্চম রেফারি দারুণ ছিলেন। কিন্তু মূল রেফারি?

ফরাসি এ কোচ বলেন, পেনাল্টির বিষয়টি ছিল, তবে শুধু সেটিই নয়, সবকিছু মিলিয়েই এমনটা মনে হয়েছে। আজকের রেফারির বিরুদ্ধে আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই, তবে আপনারা নিজেদেরই প্রশ্ন করে দেখুন। 

এছাড়া পক্ষপাতিত্বের অভিযোগও জানিয়ে রাখেন ফ্রান্সের কোচ।

দেশঁ বলেন, আমি শুধু যে আজ হেরেছি বলেই এ কথা বলছি তা নয়। এমন আরও বেশ কিছু পরিস্থিতি ছিল। এছাড়া কিছু পক্ষপাতমূলক সিদ্ধান্তও ছিল।

তবে যোগ্যতর দল হিসেবে স্পেন জেতায় প্রতিপক্ষকে পূর্ণ কৃতিত্ব দিতেও ভোলেননি দেশঁ।

তিনি বলেন, খেলোয়াড়রা স্বাভাবিকভাবেই মানসিকভাবে বিধ্বস্ত, কিন্তু আমাদের সৎ হতে হবে: আমরা টেকনিক্যাল দিক থেকে পিছিয়ে ছিলাম। হারের মূল কারণ হলো, আমরা পারফরম্যান্সের মান অনুযায়ী খেলতে পারিনি।

দেশঁ আরও বলেন, আমরা এমন কিছু টেকনিক্যাল ভুল করেছি এবং ভুল পাস দিয়েছি যা থেকে গোলের সুযোগ তৈরি হতে পারত। এটি সর্বোচ্চ পর্যায়ের খেলা। আমরা এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলব। আমরা যা অর্জন করেছি, আমি তার সবটুকু মুছে ফেলতে চাই না, তবে এই ম্যাচে স্পেন আমাদের চেয়ে অনেক বেশি ভালো খেলেছে।

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .