Logo
Logo
×
   

খেলা

বিশ্বকাপে এর চেয়ে বড় ম্যাচ আর হয় না: হ্যারি কেইন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৯:৪৯ পিএম

বিশ্বকাপে এর চেয়ে বড় ম্যাচ আর হয় না: হ্যারি কেইন

হ্যারি কেইন। সংগৃহীত ছবি

বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথ মানেই আবেগ, ঐতিহ্য ও ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই। মেসি-বেলিংহাম, আলভারেজ-কেইন কিংবা স্কালোনি-টুখেলের কৌশলী মস্তিষ্ক—সব মিলিয়ে তারকাখচিত এই সেমিফাইনাল ঘিরে ফুটবল বিশ্বের উত্তেজনা এখন চরমে। তবে অতীতের রোমাঞ্চকর ইতিহাস নয়, বর্তমানের চ্যালেঞ্জকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। তার ভাষায়, বিশ্বকাপের মঞ্চে এর চেয়ে বড় ম্যাচ আর হতে পারে না।

ব্রিটিশ সম্প্রচারমাধ্যম আইটিভিকে দেওয়া সাক্ষাৎকারে কেইন বলেন, ‘কী দারুণ একটি ম্যাচ, কী অসাধারণ একটি উপলক্ষ! বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নামছি। ছোটবেলায় এমন ম্যাচ খেলার স্বপ্নই দেখতাম।’

এরপরই তিনি যোগ করেন, ‘বিশ্বকাপে এর চেয়ে বড় ম্যাচ আর হয় না। তাই এই সপ্তাহ নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত। ম্যাচটি বিশেষ কিছু হতে যাচ্ছে। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলব, তবে আশা করি সেটাই আমাদের সেরাটা বের করে আনবে।’

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন করা হলে কেইন বলেন, খেলোয়াড় হিসেবে তিনি ইতিহাস নয়, মাঠের ফুটবলে মনোযোগ দিতে চান। তার ভাষায়, ‘হ্যাঁ এবং না। ইতিহাস নিয়ে খুব বেশি ভাবতে চাই না। এগুলো নিয়ে আপনারা (গণমাধ্যম) এবং সমর্থকেরা আলোচনা করবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু খেলোয়াড় হিসেবে আমাদের মনোযোগ অন্য জায়গায়।’    

আর্জেন্টিনার শক্তি সম্পর্কেও দারুণ শ্রদ্ধাশীল ইংল্যান্ড অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা একটি অসাধারণ দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। তারা খুবই বুদ্ধিমান, কৌশলী এবং ম্যাচ কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়, সেটা ভালোভাবেই জানে। তারা ফাউল আদায় করতে পারে, খেলার গতি কমিয়ে দিতে পারে। ক্যারিয়ারে এমন অনেক দলের বিপক্ষে খেলতে হয়।’

শেষে কেইন বলেন, এই ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেদের ওপর বিশ্বাস রাখা, ‘এটি ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা-বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির লড়াই। বিশ্বকাপের সেমিফাইনালে দুই জায়ান্ট মুখোমুখি হচ্ছে। বাকি সবকিছুই গৌণ। আমাদের লক্ষ্য একটাই, নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করা এবং বিশ্বাস রাখা যে এই মঞ্চে আমরা সফল হতে পারব।’

বুধবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এই মহারণের বিজয়ী দল বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে।

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .