|
ফলো করুন |
|
|---|---|
ফুটবলে হেড দেওয়ার কারণে মৃত্যু হয়েছে ১৯৬৬ সালে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী তারকা নবি স্টাইলসের। মাঠে অসংখ্যবার হেড করা বলই শেষ পর্যন্ত কেড়ে নিয়েছে তার জীবন। এমনটাই উঠে এসেছে তদন্তে।
তদন্তে বলা হয়েছে, ১৭ বছরের পেশাদার ক্যারিয়ারে স্টাইলস অন্তত ১ লাখ ৩৬ হাজারবার বলে হেড করেছিলেন। এর ফলেই তার মস্তিষ্কে ক্রনিক ট্রমাটিক এনসেফালোপ্যাথি (সিটিই) নামের মারাত্মক রোগের সৃষ্টি হয়, যা পরবর্তীতে ডিমেনশিয়া ও আলঝেইমারে রূপ নিয়ে ২০২০ সালে ৭৮ বছর বয়সে তাঁর মৃত্যুর কারণ হয়।
দক্ষিণ ম্যানচেস্টারের সিনিয়র করোনার অ্যালিসন মাচ স্পষ্ট ভাষায় বলেছেন, ‘বারবার হেড না করলে স্টাইলসের সিটিই হওয়ার সম্ভাবনা ছিল না।’ তাই ভবিষ্যতে এমন মৃত্যু ঠেকাতে তিনি ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ও দেশটির শিক্ষা বিভাগে বিশেষ সুপারিশ পাঠাবেন।
স্টাইলসের মস্তিষ্ক পরীক্ষা করা নিউরোপ্যাথলজি বিশেষজ্ঞ ড্যানিয়েল ডু প্লেসিসও একই মত দিয়েছেন। তার ভাষায়, ‘বারবার হেড করলে সিটিই হতে পারে—এটি এখন প্রতিষ্ঠিত সত্য। স্টাইলসের ক্ষেত্রে এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই।’
স্টাইলসের ছেলে জন স্টাইলস জানান, ম্যাচে একজন খেলোয়াড় সাধারণত ১০টির বেশি হেড করেন না। কিন্তু অনুশীলনে তার বাবা প্রতিদিন ৩০ থেকে ৫০ বার পর্যন্ত হেড করতেন। দীর্ঘ ক্যারিয়ারে সেই সংখ্যাই গিয়ে দাঁড়ায় প্রায় ১ লাখ ৩৬ হাজারে।
একসময় যে হেডে বিশ্বকাপ জয়ের ইতিহাস লিখেছিলেন নবি স্টাইলস, সেই হেডই আজ ফুটবল বিশ্বের সামনে রেখে গেছে এক কঠিন প্রশ্ন—খেলার সৌন্দর্যের আড়ালে খেলোয়াড়দের মস্তিষ্ক কতটা নিরাপদ?
