|
ফলো করুন |
|
|---|---|
পেশাদার ক্রিকেটে ৪০০টির বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা অস্ট্রেলিয়ার তারকা পেসার জশ হ্যাজলউডের ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। তবে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে খুব বেশি বার পাওয়ার সুযোগ হয়নি এই ডানহাতি পেসারের।
২০১৭ সালে বাংলাদেশের মাটিতে সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছিলেন হ্যাজলউড। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও টাইগারদের বিপক্ষে আর মাঠে নামা হয়নি তার। এমনকি চলতি বছরের জুনে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরেও তিনি দলের সঙ্গে ছিলেন না। তবে এবার ঘরের মাঠে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে নতুন এই চ্যালেঞ্জ নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন ৩৪ বছর বয়সি এই পেসার।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে বাংলাদেশের বিপক্ষে হ্যাজলউড খেলেছেন মাত্র ৯টি ম্যাচ। এর মধ্যে টেস্ট ম্যাচের সংখ্যা মাত্র একটি।
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। এই ভেন্যু বাংলাদেশের মতো অস্ট্রেলিয়ার জন্যও নতুন অভিজ্ঞতার জায়গা, কারণ ২২ বছর পর সেখানে কোনো টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া।
সিরিজের দ্বিতীয় টেস্ট হবে ম্যাকাইয়ে। নতুন ভেন্যু ও বাংলাদেশের মতো তুলনামূলক অপরিচিত প্রতিপক্ষ নিয়ে অস্ট্রেলিয়ার ‘আনপ্লেয়েবল পডকাস্ট’-এ নিজের ভাবনা তুলে ধরেন হ্যাজলউড।
তিনি বলেন, নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াই হবে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে ডারউইনের উইকেট কেমন আচরণ করবে, তা আগে থেকে নিশ্চিত নয়। পাশাপাশি বাংলাদেশের খেলোয়াড়দের সম্পর্কেও অস্ট্রেলিয়ার কাছে খুব বেশি অভিজ্ঞতা নেই। তবে পুরো বিষয়টিকে তিনি উপভোগ্য ও রোমাঞ্চকর হিসেবেই দেখছেন।
হ্যাজলউড আরও জানান, বাংলাদেশের ব্যাটারদের নিয়ে কিছু ভিডিও বিশ্লেষণ থাকলেও মাঠের বাস্তব পরিস্থিতি অনুযায়ী দ্রুত পরিকল্পনা বদলাতে হতে পারে। তার মতে, এমন নতুন চ্যালেঞ্জ ক্রিকেটারদের মধ্যে আলাদা উদ্দীপনা তৈরি করে।
টেস্ট ক্রিকেটে সফল হওয়ার কৌশল সম্পর্কে অস্ট্রেলিয়ান এই পেসার বলেন, নিজের পরিকল্পনায় স্থির থাকা এবং দীর্ঘ সময় ধরে একই মান ধরে বল করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ম্যাচের পরিস্থিতি বদলালে কৌশলেও পরিবর্তন আনতে হয়, তবে টেস্ট ক্রিকেটে সেটি করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়।

