|
ফলো করুন |
|
|---|---|
বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও আগে কাউন্সিলরশিপের জন্য নাম পাঠায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শেষমেশ মঙ্গলবার কাউন্সিলরের নাম দিলে তা গ্রহণ করেনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।
ফলে কাল বিওএ’র বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বাফুফের কোনো প্রতিনিধি ছিলেন না। বিওএ’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ বি এম শেফাউল কবীর এ খবর নিশ্চিত করেছেন।
এজিএমের জন্য এ মাসের শুরুতে তাদের অধিভুক্ত সংস্থাগুলোকে চিঠি দিয়েছিল বিওএ। অধিকাংশ প্রতিষ্ঠান নির্ধারিত ১৫ জুলাইয়ের মধ্যে কাউন্সিলরদের নাম পাঠিয়েছে। বিওএ সেগুলো গ্রহণও করেছে।
সবশেষ ২৭ জুলাই বিওএ এজিএমের জন্য কাউন্সিলরের হালনাগাদ তালিকা প্রকাশ করে। কিন্তু তাতেও ব্যর্থতার পরিচয় দেয় বাফুফে। সূত্রে জানা গেছে, এজিএমের জন্য বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সভাপতি আবদুস সালামের নাম পাঠিয়েছিল।
বাফুফে থেকে কাউন্সিলর মনোনয়নের ক্ষেত্রে বিওএ’র স্পষ্ট নির্দেশনা, নির্বাহী সভা করে আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করে কার্যবিবরণীসহ পাঠাতে হবে।
সূত্র আরও জানায়, বাফুফে কাউন্সিলর মনোনয়ন নিয়ে আনুষ্ঠানিক কোনো সভাই করেনি। উলটো হেঁটেছে অভিনব পথে।
ওয়াহিদ ও সালামের নাম কাউন্সিলর হিসাবে মনোনয়ন দিয়ে নির্বাহী কমিটির সবার কাছে ‘হ্যাঁ’, ‘না’ মতামত চেয়েছে। এতেই সময় নষ্ট হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
