|
ফলো করুন |
|
|---|---|
সকালের নাশতা ঠিকভাবে না নিলে সারাদিন শরীর ও মন দুটোই ক্লান্ত অনুভূত হতে পারে। আমাদের দেশে সকালের নাশতায় পরোটা খুবই জনপ্রিয়। কিন্তু প্রশ্ন হলো, এটি কি স্বাস্থ্যকর, নাকি অজান্তে ক্ষতি করছে?
এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডায়েটিশিয়ান বৈশালী ভার্মা ও পুষ্টিবিদ নিতি শর্মা পরোটার পুষ্টিগুণ ও সঠিক খাওয়ার পরামর্শ দিয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, সঠিকভাবে তৈরি করলে পরোটা মোটেও ক্ষতিকর নয়। এতে কার্বোহাইড্রেট ও ফাইবারের ভালো সমন্বয় থাকে, যা শক্তি জোগায়। দই, ডাল বা পনিরের সঙ্গে খেলে প্রোটিনের ঘাটতিও পূরণ হয়।
তবে সমস্যা তখন হয়, যখন পরোটা বানাতে অতিরিক্ত তেল ব্যবহার করা হয় বা প্রতিদিন একইভাবে খাওয়া হয়। দীর্ঘমেয়াদে এটি হজমের সমস্যা, ওজন বৃদ্ধি ও অন্যান্য জটিলতার কারণ হতে পারে। বিশেষজ্ঞরা নাশতায় বৈচিত্র্য আনার পরামর্শ দিচ্ছেন।
পরোটাকে স্বাস্থ্যকরভাবে তৈরি করার জন্য নিতি শর্মা কিছু পরামর্শ দিয়েছেন—
- মিহি আটার বদলে গোটা গম বা মাল্টিগ্রেন আটা ব্যবহার করুন, এতে ফাইবার বেশি ও হজম সহজ হয়।
- ভেতরে শাকসবজি দিয়ে স্টাফ করলে ভিটামিন ও মিনারেলও বাড়ে।
- তেল ব্যবহার সীমিত রাখুন; দুইটি পরোটার জন্য অল্প তেলই যথেষ্ট।
- অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণযুক্ত মশলা ব্যবহার করুন।
- পরোটার সঙ্গে দই রাখুন, যা অন্ত্রের জন্য উপকারী।
- চাইলে তাজা শাকসবজি বা ডাল যোগ করলে খাবার আরও পুষ্টিকর হয়।
তাই বলা যায়, পরোটা খারাপ নয়। তবে অস্বাস্থ্যকরভাবে খেলে ক্ষতির কারণ হতে পারে। সচেতনভাবে তৈরি ও খেলে সকালের নাশতা হতে পারে পুষ্টিকর ও স্বাস্থ্যকর।
