Logo
Logo
×

বিনোদন

রাম চরণ ও উপাসনা দম্পতির ঘরে এলো যমজ সন্তান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫০ পিএম

রাম চরণ ও উপাসনা দম্পতির ঘরে এলো যমজ সন্তান

দক্ষিণ ভারতীয় তারকা রাম চরণ ও তার স্ত্রী উপাসনা যমজ সন্তানের বাবা-মা হয়েছেন।

দক্ষিণ ভারতীয় তারকা রাম চরণ ও তার স্ত্রী উপাসনা যমজ সন্তানের বাবা-মা হয়েছেন। তাদের ঘরে জন্ম নিয়েছে এক ছেলে ও এক মেয়ে। এ খবর নিশ্চিত করেছেন রাম চরণের বাবা, কিংবদন্তি অভিনেতা চিরঞ্জীবী। গভীর আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, মা ও দুই নবজাতক—তিনজনই সুস্থ আছেন।

এই আনন্দের খবর ইতোমধ্যে বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে চিরঞ্জীবী নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান, যমজ সন্তানের আগমনে তাদের পরিবারে দ্বিগুণ আনন্দ এসেছে। তিনি লেখেন, এটি তাদের পরিবারের জন্য এক অনাবিল সুখের মুহূর্ত এবং সবার দোয়া, ভালোবাসা ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পোস্টটিতে চিরঞ্জীবী ও তার স্ত্রী সুরেখা—দুজনের নামেই স্বাক্ষর ছিল, যা দাদা-দাদির পক্ষ থেকে একটি অত্যন্ত ব্যক্তিগত ও আবেগঘন ঘোষণা হিসেবে ধরা হচ্ছে।

চিরঞ্জীবীর এই পোস্টের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছার বন্যা বয়ে যায়। নবজাতকদের জন্য সবাই ভালোবাসা ও আশীর্বাদ জানাচ্ছেন।

রাম চরণ ও উপাসনার প্রেমকাহিনি

রাম চরণ ও উপাসনা কোনিদেলার সম্পর্ক দীর্ঘদিন ধরেই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু। ২০১১ সালের ডিসেম্বরে তাদের বাগ্‌দান হয় এবং ২০১২ সালের জুনে হায়দরাবাদে জমকালো আয়োজনে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই তাদের সম্পর্ক ধীরে ধীরে প্রেমে রূপ নেয়।

উপাসনা অ্যাপোলো চ্যারিটির ভাইস-চেয়ারপারসন এবং অ্যাপোলো হাসপাতাল গ্রুপের প্রতিষ্ঠাতা প্রতাপ সি রেড্ডির নাতনি। অন্যদিকে, রাম চরণ হলেন কিংবদন্তি অভিনেতা চিরঞ্জীবীর ছেলে।         

২০২৩ সালের জুনে এই দম্পতি তাদের প্রথম সন্তান—কন্যাসন্তান ক্লিন কারাকে স্বাগত জানান। সে সময়ও চলচ্চিত্র অঙ্গন ও ভক্তদের মধ্যে ব্যাপক আনন্দ উদ্‌যাপন দেখা যায়।  

আগেই মিলেছিল যমজের ইঙ্গিত

২০২৫ সালের দীপাবলিতে উপাসনা সামাজিক মাধ্যমে তার সীমান্থম (গর্ভাবস্থার বিশেষ অনুষ্ঠান) উপলক্ষে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে তিনি ‘ডাবল সেলিব্রেশন’, ‘ডাবল লাভ’ ও ‘ডাবল ব্লেসিং’-এর কথা উল্লেখ করে যমজ সন্তানের আগমনের ইঙ্গিত দিয়েছিলেন।

কাজের ব্যস্ততায় রাম চরণ

ক্যারিয়ারের দিক থেকে রাম চরণ সম্প্রতি শংকরের পরিচালনায় কিয়ারা আদভানির বিপরীতে ‘গেম চেঞ্জার’ ছবিতে অভিনয় করেছেন। বর্তমানে তিনি তার পরবর্তী ছবি ‘পেড্ডি’র প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম