ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট
মাদারীপুর-১ আসন
পোস্টাল ভোটে হেরে গেল বিএনপি
জয়ের মালা রিকশার ঘরে
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সব কেন্দ্রের ভোট গণনার পর এগিয়ে থেকেও পোস্টাল ভোটে হেরে গেলের মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তার। নির্বাচনে বিএনপির পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী নাদিরার নির্বাচন করলেও শেষরক্ষা হয়নি। মাত্র ৩৮৫ ভোটের ব্যবধানে ১১ দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী সাইদ উদ্দিন আহমেদ হানজালার গলায় উঠেছে বিজয়ের মালা। নির্বাচনে ১১ দলীয় জোট প্রার্থী সাইদ উদ্দিন আহমেদ হানজালা পেয়েছেন ৬৪ হাজার ৯০৯ ভোট। অন্যদিকে নিকটতম প্রার্থী বিএনপির প্রার্থী নাদিরা আক্তার পেয়েছেন ৬৪ হাজার ৫২৪ ভোট। ১০২টি কেন্দ্রের ভোট গণনায় ১১ দলীয় জোটের বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন ৬৩ হাজার ৫১১টি। বিএনপি প্রার্থী ৬৪ হাজার ২৯১ ভোট পেয়ে বিজয়ী প্রার্থীর চেয়ে ৭৮০ ভোটে এগিয়ে ছিলেন। কিন্তু পোস্টাল ভোটে বিএনপির প্রার্থী মাত্র ২৩৩টি ভোট পান। অন্যদিকে বিজয়ী প্রার্থী সাইদ উদ্দিন আহমেদ হানজালা ১ হাজার ৩৯৮ পোস্টাল ভোট পেয়ে ৩৮৫ ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারকে হারিয়ে বিজয়ের মালা গলায় পরেন। উল্লেখ্য, এ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থীসহ দুজন বিদ্রোহী প্রার্থী ছিল। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত প্রার্থী ছিলেন কামাল জামান মোল্লা। তার ভাই শিবচর উপজেলা আওয়ামী লীগের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি।
তিনি ভাইকে সমর্থন দিয়ে প্রচারণা শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে শিবচরের সাবেক সংসদ-সদস্য ও বিগত সরকারের চিপ হুইপ ও শেখ হাসিনার ফুফাতো ভাই নূর-ই আলম লিটন চৌধুরী আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপির প্রার্থী নাদিরা আক্তারকে সমর্থন দিয়ে ধানের শীষ প্রতীকের প্রচারণা ও ভোট দিতে নির্দেশ দেন। এতে পালটে যায় নির্বাচনের মাঠ। জনসমর্থনে পিছিয়ে থাকা নাদিরা আক্তার স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লাকে পেছনে ফেলে নির্বাচনে প্রতিযোগিতায় উঠে আসেন। অন্যদিকে ১১ দলীয় জোট প্রার্থী সাইদ উদ্দিন আহমেদ হানজালা জামায়াতের ভোট ব্যাংক এবং নিজের ও পরিবারের ঐতিহ্য থাকায় নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হয়েছেন। সাইদ উদ্দিন আহমেদ হানজালা শিবচর উপজেলার বাহাদুরপুর পীর পরিবারের সন্তান ও ফরায়েজী আন্দোলনের প্রবর্তক ও প্রধান নেতা কিংবদন্তি হাজী শরীয়াতুল্লার বংশধর।
