আল্লু অর্জুনকে ঘিরে বিতর্ক
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার আল্লু অর্জুন। তেলুগু সিনেমার জনপ্রিয় এই তারকাকে ঘিরে নতুন করে এক বিতর্ক দানা বেঁধেছে। সম্প্রতি ভারতীয় এক নারীর একটি সাক্ষাৎকারে করা কিছু মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। ওই নারীর তথ্যমতে, আল্লু অর্জুনের ‘৪২টি করণীয় ও বর্জনীয়’সংক্রান্ত একটি দাবিকে কেন্দ্র করে এ বিতর্ক দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে নেটিজেনদের মধ্যে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া।
ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ওই নারী দাবি করেন, অভিনেতার সঙ্গে দেখা করার আগে তাকে একটি নোট দেওয়া হয়েছিল, যেখানে ৪২টি ‘ডু’স অ্যান্ড ডোন্টস’ বা করণীয়-বর্জনীয় বিষয় উল্লেখ ছিল। তিনি বলেন, দক্ষিণের তারকারা সাধারণত বড় টিম বা দলবল নিয়ে চলাফেরা করেন এবং তাদের ব্যবস্থাপনা কাঠামো বেশ কঠোর। তার ভাষ্য অনুযায়ী, ওই নির্দেশিকায় এমন কথাও ছিল, ‘স্যারের চোখের দিকে তাকাবেন না’ কিংবা ‘হাত মেলাবেন না’। যদিও বিস্তারিত জানতে চাইলে তিনি আর কিছু প্রকাশ করতে চাননি। এ অসম্পূর্ণ বক্তব্যই সামাজিক মাধ্যমে জল্পনা-কল্পনাকে আরও উসকে দেয়।
মন্তব্যটি ভাইরাল হতেই অনেকেই বিস্ময় প্রকাশ করেন। কেউ কেউ মনে করেন, যদি এমন নিয়ম সত্যিই থেকে থাকে, তবে তা অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক আচরণের ইঙ্গিত দেয়। আবার অন্য একটি অংশ মনে করেন, বড় তারকাদের নিরাপত্তা ও ব্যক্তিগত পরিসর রক্ষার জন্য নির্দিষ্ট প্রটোকল থাকতেই পারে। এর ফলে বিষয়টি নিয়ে ভক্ত ও সমালোচকদের মধ্যে শুরু হয় তর্কবিতর্ক।
পরিস্থিতি যখন ক্রমেই উত্তপ্ত হচ্ছিল, তখন অভিনেতার টিমের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে সাক্ষাৎকারে করা অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য’ বলে উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়, আল্লু অর্জুন সবসময় মর্যাদা ও সম্মান বজায় রেখে চলেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ তার ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা মাত্র। একই সঙ্গে জানানো হয়, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে মানহানির মামলা করার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি, যাচাইবিহীন তথ্য ছড়িয়ে না দেওয়ার আহ্বানও জানানো হয়।
ভারতজুড়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করা এই তারকা সাধারণত বিতর্ক এড়িয়ে চলেন। এবারও তিনি সরাসরি কোনো মন্তব্য না করে টিমের মাধ্যমেই অবস্থান স্পষ্ট করেছেন। তবে সামাজিক মাধ্যমের যুগে একটি বক্তব্য কীভাবে মুহূর্তের মধ্যে বড় বিতর্কে রূপ নেয়, এ ঘটনাটি তারই আরেকটি উদাহরণ। বর্তমানে পরিস্থিতি দাঁড়িয়েছে দুই বিপরীত দাবির মুখোমুখি অবস্থানে, একদিকে সাক্ষাৎকারে করা অভিযোগ, অন্যদিকে অভিনেতার টিমের দৃঢ় অস্বীকৃতি। শেষ পর্যন্ত আইনি প্রক্রিয়া ও পরবর্তী পদক্ষেপই নির্ধারণ করবে এ বিতর্কের গতি কোন দিকে মোড় নেবে। ততদিন পর্যন্ত সামাজিক মাধ্যমে এ নিয়ে আলোচনা চলতেই থাকবে। এদিকে এ অভিনেতা বর্তমানে দক্ষিণের নির্মাতা অ্যাটলির সঙ্গে একটি সাইন্স ফিকশন সিনেমা শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।
